বাগদান সারলেন অ্যানিস্টন-থেরক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর চুটিয়ে প্রেম করার পর এবার তাঁদের সম্পর্ককে স্থায়ী রূপ দিতে যাচ্ছেন জেনিফার অ্যানিস্টন ও জাস্টিন থেরক্স। সম্প্রতি বাগদান সম্পন্ন করেছেন হলিউডের এই তারকা জুটি। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন অ্যানিস্টনের মুখপাত্র স্টিভেন হাভেন। জাস্টিন থেরক্সের মুখপাত্রের বরাতে ‘পিপল’ ম্যাগাজিন জানিয়েছে, ১০ আগস্ট শুক্রবার ছিল থেরক্সের ৪১তম জন্মদিন। সেদিন প্রেমিকা জেনিফার অ্যানিস্টনের কাছ থেকে অসাধারণ একটি উপহার পেয়েছেন তিনি। তাঁর বিয়ের প্রস্তাবে সায় দিয়েছেন অ্যানিস্টন। এখনো বিয়ের তারিখ ঘোষণা করেনি এ হবু দম্পতি।দ্বিতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন ‘ফ্রেন্ডস’ তারকা জেনিফার অ্যানিস্টন। এর আগে তিনি হলিউডের অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে ঘর বেঁধেছিলেন। ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবিতে অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে অভিনয় করতে গিয়ে তাঁর প্রেমে পড়ে যান পিট। বিষয়টি জানার পর সে বছরই বিচ্ছেদের পথে হাঁটেন অ্যানিস্টন। এরপর মার্কিন পপগায়ক জন মেয়ারসহ আরও কয়েকজনের সঙ্গে অভিসারে গেছেন অ্যানিস্টন। ২০১১ সালের মে মাসে মার্কিন অভিনেতা, নির্মাতা ও চিত্রনাট্যকার জাস্টিন থেরক্সের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। শেষ পর্যন্ত থেরক্সের সঙ্গেই থিতু হওয়ার সিদ্ধান্ত নিলেন ৪৩ বছর বয়সী এ অভিনেত্রী।