বাগদানের পর মোনালিসা
বাবা সময় পেলেই নিয়ম করে তিন কন্যাকে গল্প শোনাতেন। রূপকথার গল্প। বড় দুই মেয়ে—মুনিরা ও মারিয়া চুপচাপ বাবার গল্প শুনতেন আর হারিয়ে যেতেন কল্পরাজ্যে। কিন্তু ছোট্ট মেয়েটিকে নিয়ে বাধত যত সমস্যা। তার গল্পে আগ্রহ কম, বাস্তবতার সঙ্গে গল্পের মেলবন্ধন করার চিন্তাই মাথায় ঘুরপাক খেত বেশি। টগবগ টগবগ ঘোড়ায় চড়ে সত্যিই কি রাজকুমার আসে? ঘোড়ায় করে না এসে হেলিকপ্টারে আসে না কেন?—বাবার কোলে বসে ছোট্ট মেয়েটি রাজ্যের প্রশ্নের ডালা খুলে বসে। মেয়েটির বয়স তখন কত হবে? চার কি পাঁচ। মা-বাবা আদর করে নাম রেখেছিলেন মোনালিসা। সেদিনের সেই রাজকুমারী মোনালিসা আজ আর ছোট্টটি নেই। সম্প্রতি তিনি তাঁর রাজকুমার খুঁজে পেয়েছেন। হেলিকপ্টার কিংবা ঘোড়ায় চড়ে নয়, হেঁটে মোনালিসার কাছে ধরা দিয়েছেন ফাইয়াজ শরীফ। এ গল্পটি কী রকম? কল্পকাহিনিকে হার মানানোর কোনো সম্ভাবনা? মোনালিসা বলেন, কল্পকাহিনিই বটে! তবে এই কাহিনি শোনার আগে শুনতে হবে গল্পের প্রথম অধ্যায়, ঢাকায়। গত মাসের শুরুতে একটি নাটকের শুটিং করতে গিয়ে মোনালিসা রীতিমতো অজ্ঞান হয়ে পড়েছিলেন। চটজলদি তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। চিকিৎসক জানান, গরম আবহাওয়া আর দুর্বলতার কারণে এই হাল! বিশ্রাম নেওয়াটা বাধ্যতামূলক। কিন্তু কিসের বিশ্রাম? চিকিৎসকের নির্দেশ নিষ্ঠার (!) সঙ্গে অমান্য করে মোনালিসা ছুটে গেলেন রাঙামাটিতে। সেখানে ইমনের সঙ্গে একটি পণ্যের বিজ্ঞাপনচিত্রে অংশ নিলেন। আমেরিকা থেকে তত দিনে তাগাদা শুরু হয়ে গিয়েছিল। সেখানে ঢালিউড অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে মোনালিসাকে নাচ করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু শরীরের এই বেহাল অবস্থা, সঙ্গে ভিসারও টুকটাক জটিলতা—সব মিলিয়ে মোনালিসা সিদ্ধান্ত নেন, আমেরিকা গিয়ে কাজ নেই। লক্ষ্মী মেয়ের মতো ঈদের নাটকে মন দেন! কিন্তু ভাগ্যের লিখন না যায় খণ্ডন। আমেরিকায় বড় বোন মুনিরা তখন এক দাওয়াতে পরিচিত হন ফাইয়াজের সঙ্গে। ফাইয়াজের মা-বাবা জানতে পারেন, মুনিরারই ছোট বোন বাংলাদেশের বিখ্যাত মডেল-অভিনেত্রী মোনালিসা! মোনালিসার ‘ট্রেডমার্ক’ হাসির ভক্ত ছিল ফাইয়াজের পুরো পরিবার। এক কথা থেকে দুই কথা, অতঃপর ফাইয়াজের পরিবার দেরি না করে বিয়ের প্রস্তাবই দিয়ে বসে মুনিরাকে। তাঁদের একমাত্র সন্তানের জন্য তাঁরা মোনালিসাকে চান। মুনিরা সিদ্ধান্তহীনতায় ভোগেন। ফলে একের পর এক ফোনের মাধ্যমে দেশে অস্থির করে ফেলেন পরিবারের সবাইকে। মোনালিসাকে জরুরি তলব দিয়ে বিদেশ-বিভূঁইয়ে ডেকে আনা হয়। অনুরোধ, ‘একটিবার অন্তত ছেলেটির সঙ্গে দেখা করো!’ ‘প্রথম দেখাতেই প্রেম হয়েছিল কি না জানি না, তবে প্রথম দেখাতেই ফাইয়াজের বুদ্ধিদীপ্ত চোখ আমার ভালো লেগেছে। আস্তে আস্তে খেয়াল করলাম, আমি যা বলছি, ও খুব সুন্দর ধরতে পারছে। আমার সঙ্গে বোঝাপড়াটা প্রথম দেখাতেই হয়ে গেল। কেন জানি বারবার মনে হচ্ছিল, এ মানুষটির ওপর ভরসা করা যায়। ব্যস! চোখ-কান বন্ধ করে আংটি পরে ফেললাম। কেমন ছিল ১৭ জুন, সেই বাগ্দানের মুহূর্তটি? রাজকন্যার আশপাশে সখীরা গান করেনি? মোনালিসা বলেন, ‘জীবনটা কি আর রূপকথার গল্প, বলুন? কোনো সখী ছিল না। বড় বোন মুনিরা ছাড়া পরিবারের কেউই ছিলেন না। খুব মিস করছিলাম ওদের। ১৫ বছরের ক্যারিয়ারে অনেকবার বউ সেজে মঞ্চে বসেছি। কিন্তু নাটকের বউ আর সত্যি জীবনের বউ—সম্পূর্ণ ভিন্ন অনুভূতি। আংটি পরার সময় আমার রীতিমতো হাত-পা কাঁপছিল।’ মোনালিসা জানান, বাগ্দানের পরদিনই তিনি বোনকে নিয়ে চলে আসেন লন্ডনে। তার কিছুদিন পর ২৯ মে ঢাকায়। বিমানবন্দরে বিদায় জানাতে এসেছিলেন মোনালিসার হবু বর ফাইয়াজ। বিদায়মুহূর্তে চোখের কোণে জল আসেনি? লাজুক হেসে মোনালিসা কথা এড়িয়ে যান। বলেন, ‘ফাইয়াজের পিএইচডি ডিগ্রি নিতে হবে। তার পড়াশোনা আছে। আমিও সব কাজ ফেলে বিদেশে উড়াল দিয়েছিলাম। এখন দুজনেরই বাস্তবতা মেনে নিয়ে কাজ করতে হচ্ছে।’ কিন্তু হবুবধূর কি কাজে আর মন আসে? এখন সবকিছুতেই ফাইয়াজকে খোঁজেন মোনালিসা। একটি ভালো গান শুনলে ফাইয়াজকে ফোন করে গানটি শুনিয়েই ক্ষান্ত হন। দেশে ফেরার পর মা কীভাবে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরেন, মেজো বোন মারিয়া কীভাবে মোনালিসার বিয়ে নিয়ে নানা রঙের চিন্তায় বিভোর—সবকিছুর আদ্যোপান্ত ফাইয়াজকে জানাতেই হবে মোনালিসার। এখন পড়াশোনার ফাঁকফোকরে এক-এক করে ইউটিউব থেকে নামিয়ে নিয়ম করে হবুবধূর নাটক দেখছেন ফাইয়াজ। বিয়ের দিনক্ষণ প্রসঙ্গে মোনালিসা বলেন, ‘বিয়ের তারিখ দুই পরিবার মিলে ঠিক করবে। এ বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে সবার দোয়া নিয়ে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হবে। সবকিছুই স্বপ্নের মতো এগোচ্ছে। অতৃপ্তি একটাই—পাশে নেই আমার বাবা। ১৯৯৯ সালে বাবা আশরাফ হোসেন আমাদের ছেড়ে চলে গেছেন ওপারে। আমাকে কোলে বসিয়ে যে রাজকুমার-রাজকুমারীর গল্প শোনাতেন, সেই বাবা নিশ্চয়ই আমার বাগ্দানের খবরে অনেক খুশি হয়েছেন। ওপার থেকে নিশ্চয়ই আমাদের অনেক আশীর্বাদ করছেন!’ কণ্ঠ জড়িয়ে আসে মোনালিসার। তার পরও নিজেকে নিয়ন্ত্রণ করে অস্ফুটস্বরে বলেন, ‘আমাদের যাঁরা শুভেচ্ছা জানিয়েছেন, সবাইকে অশেষ ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’