বাগযুদ্ধের পর ক্যাটরিনার শাহরুখ-স্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি শাহরুখ খানের অভিনয়দক্ষতা নিয়ে ক্যাটরিনা কাইফ প্রশ্ন তোলায় ভীষণ চটে গিয়েছিলেন ‘কিং খান’ শাহরুখ। বিষয়টি নিয়ে রীতিমতো বাগযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন তাঁরা। জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াইয়ে যে কোনো ফায়দা নেই, সেটি সম্ভবত ভালোই জানেন ক্যাটরিনা। সম্ভবত এ কারণেই এবার শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি।এ প্রসঙ্গে ক্যাটরিনা বলেছেন, ‘যব তক হ্যায় জান’ ছবিতে কাজ করার সময় রোমান্টিক দৃশ্য বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলার জন্য কীভাবে ক্যামেরার সামনে দাঁড়াতে হয় তা শিখিয়ে তাঁর অনেক উপকার করেছেন শাহরুখ।বলিউডে ‘কিং অব রোমান্স’ হিসেবে সুপরিচিত শাহরুখ খান। ‘দিওয়ানা’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘কুছ কুছ হোতা হ্যায়’সহ অসংখ্য রোমান্টিক ছবি উপহার দিয়েছেন এ অভিনেতা। বলাই বাহুল্য, প্রতিটি ছবিই বক্স অফিসে সাফল্য পেয়েছে। এ সফলতার মন্ত্র এত দিন গোপনই রেখেছিলেন শাহরুখ। কিন্তু যশ চোপড়া পরিচালিত রোমান্টিক ছবি ‘যব তক হ্যায় জান’-এ অভিনয় করার সময় সহ-অভিনেত্রী ক্যাটরিনাকে সেই গুপ্তমন্ত্র শিখিয়েছেন শাহরুখ। এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। শাহরুখের প্রশংসায় ক্যাটরিনা বলেছেন, ‘শাহরুখ আমাকে শিখিয়েছেন, রোমান্টিক দৃশ্যে কীভাবে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়। শুটিংয়ের সময় তিনি প্রায়ই আমাকে বলতেন, চিবুক নিচু করে ওপরের দিকে তাকালে পর্দায় অনেক বেশি রোমান্টিকভাবে ফুটে উঠবে আমার চেহারা। আমি নির্দ্বিধায় তাঁর পরামর্শ মেনে অভিনয় করার চেষ্টা করেছি। এর ফলও আমি পেয়েছি। পর্দায় আমাদের রসায়ন দেখে নিজেই মুগ্ধ হয়ে গেছি আমি।’