
সাদা ক্যানভাসে কালির আঁচড়ে ড্যাবডেবে দুটি চোখ আর ঝুলে পড়া গোল মুখ থেকে শুরু করে লেজবিহীন বাঘের অবয়বটি ফুটিয়ে তুলতে বড়জোর সাত-আট মিনিট সময় নিলেন বরেণ্য শিল্পী রফিকুননবী। তারপর সেই সাদা-কালো ফ্যাকাশে অবয়বে লাগালেন হলুদ আর কমলা রঙের ছোঁয়া। ক্যানভাসের ওপরের দিকে শিল্পী বড় করে লিখলেন ‘শুভ উদ্বোধন’। এভাবেই মাত্র বারো থেকে পনেরো মিনিটের মধ্যে চার বর্গফুট ক্যানভাসে ৭৩ বছর বয়সী এই শিল্পী সৃষ্টি করলেন তাঁর আরেকটি শিল্পকর্ম। উপস্থিত শিল্পী, দর্শকেরা হাততালি দিয়ে সম্মান জানালেন শিল্পীকে, লোকালয়ে স্বাগত জানালেন সুন্দরবনের রাজাকে।
এভাবেই গতকাল বুধবার বাগেরহাটের রামপাল উপজেলা সদরের শ্রীফলতলা গ্রামে ‘শিল্পী মাহমুদ-মোস্তফা সংগ্রহশালা’র প্রথম দুই দিনব্যাপী চিত্রাঙ্কন কর্মশালা উদ্বোধন করলেন রনবী নামে সর্বাধিক পরিচিত এই চিত্রশিল্পী। রনবীর ‘বাঘ’ সমৃদ্ধ করল মাহমুদ-মোস্তফা সংগ্রহশালাকে, যেমনটি হলুদ-কালো ডোরাকাটা বাঘ সমৃদ্ধ করেছে বাগেরহাটের রামপাল উপজেলার সীমানাছোঁয়া সুন্দরবনের প্রাণবৈচিত্র্যকে। আগামী দিনে অসংখ্য দর্শকের আনন্দের উৎস হয়ে ক্যানভাসের বাঘ ঠাঁই পেল সংগ্রহশালার দেয়ালে।
কর্মশালায় অংশগ্রহণকারী চিত্রশিল্পীদের মধ্যে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক মোস্তাফিজুল হক, ডিন অধ্যাপক নিসার হোসেন, অধ্যাপক শেখ আফজাল হোসেন, অধ্যাপক শিশির ভট্টাচার্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রভাষক বিমানেশ চন্দ্র বিশ্বাস, সহকারী অধ্যাপক তরিকত ইসলাম, কলকাতা থেকে আসা শিল্পী সমীর দত্ত ও ফ্রিল্যান্স শিল্পী শামসুদ্দোহা।
মাহমুদ-মোস্তফা সংগ্রহশালার অন্যতম স্বত্বাধিকারী অধ্যাপক মোস্তাফিজুল হক বলেন, ‘আজকের কর্মশালার মধ্য দিয়ে এই সংগ্রহশালা আনুষ্ঠানিক পথচলা শুরু করল। আগামী দিনের শিল্পীরা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবেন। আমি বিশ্বাস করি নিকট ভবিষ্যতে প্রতিষ্ঠানটি দক্ষিণ অঞ্চলের অন্যতম একটি চারুপীঠে পরিণত হবে।’
রনবী এই সংগ্রহশালা স্থাপনের উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘চারুশিল্পকে ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়ার জন্য এ ধরনের উদ্যোগ প্রয়োজন। আমি অনুপ্রাণিত, তবে নিজে এ ধরনের কোনো প্রতিষ্ঠান গড়তে চাই কি না জিজ্ঞাসা করলে বলব, এখনো ভাবিনি।’ শিশির ভট্টাচার্য বলেন, ‘একটি নতুন পরিবেশে কাজ করার সুযোগ পেলাম। ভালো লাগছে। দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের কাজের পরিবেশ তৈরি হলে দেশের শিল্পজগৎ আরও সমৃদ্ধ হবে।’
দেশের প্রতিষ্ঠিত দুই শিল্পী সহোদর মাহমুদুল হক ও মোস্তাফিজুল হকের শ্রীফলতলা গ্রামের বাড়িতে প্রায় এক বিঘা জমিতে এই সংগ্রহশালা প্রতিষ্ঠা করা হয়েছে।