বাঘ উড়ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইগার শ্রফের নায়িকা হয়ে পর্দায় আসছেন জ্যাকুলিন ফার্নান্দেজ, বলিউডে নাচ আর অ্যাকশনে ধুন্ধুমার টাইগার শ্রফ
টাইগার শ্রফের নায়িকা হয়ে পর্দায় আসছেন জ্যাকুলিন ফার্নান্দেজ, বলিউডে নাচ আর অ্যাকশনে ধুন্ধুমার টাইগার শ্রফ

গল্পের গরু নাকি গাছে চড়ে। এটা কথার কথা। তবে বলিউডের বাঘ ওড়ে আকাশে। এটা কিন্তু কথার কথা নয়, এক্কেবারে সত্যি। আগামীকাল শুক্রবারই এর প্রমাণ পাওয়া যাবে। এ দিন বলিউডের বাঘ অর্থাৎ টাইগার শ্রফকে উড়তে দেখা যাবে। কারণ কালই টাইগারের ফ্লাইং জাট ছবিটি মুক্তি পাবে। আর এতেই কথার কথাটি প্রাণ পাবে। বলিউডের বাঘ উড়বে আকাশে। সেলুলয়েডে ওড়াউড়ি শুরু হওয়ার আগে বলিউডের বাঘ টাইগারের বক্স অফিস কাঁপানোর গল্প শোনা যাক আজ।
২০১৪ সালে মুক্তি পায় টাইগার শ্রফের প্রথম ছবি হিরোপান্তি। এর পরের বছরের সব অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোয় নবাগত অভিনেতা বিভাগে শুধুই টাইগারের জয়জয়কার। তবে সে জয় নিয়েই টাইগার স্বস্তি পাননি। দর্শকেরা তাঁকে গ্রহণ করলেও, টাইগারকে বলিউডের ভেতরের লোক হওয়ার জন্য অনেক বিদ্রূপ সইতে হয়েছে। এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অভিনেতা রণবীর সিং ও অর্জুন কাপুর তাঁকে নিয়ে বেশ নির্মম রসিকতাই করলেন। মঞ্চে দাঁড়িয়ে হাজারখানেক দর্শকের সামনে বলে বসলেন, ‘টাইগারের দাড়ি-গোঁফ গজানোর বয়স হয়েছে?’ সেখানেই শেষ নয়। শ্বেতবর্ণ, গোলাপি আভা ছড়ানো ঠোঁট আর শিশুসুলভ হাসির কারণে নানা সময় তাঁকে হতে হয়েছে ফেসবুক আর টুইটার ট্রলের শিকার। পুরুষালি ভাব নাকি টাইগারের ভেতর নেই, এমন অপবাদও সহ্য করতে হয়েছে তাঁকে। কিন্তু টাইগার তাতে দমে যাননি। তিনি তো অন্য ঘোরে হারিয়ে ছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, ওসব নিয়ে তাঁর ভাবার সময় নেই। তিনি তারকা হওয়ার জন্য মরিয়া। বিনয়ী টাইগার কাজের বেলায় মোটেও বিনয় দেখান না। তিনি বলেন, ‘খ্যাতি আর প্রশংসা পাওয়ার জন্য আমি বুড়ো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারব না। আমি তো এখনই সব চাই। আর নয়তো আগামী বছরের মধ্যে। আমি সেরা হতে চাই। ইন্ডাস্ট্রির সেরা পরিচালকদের, সেরা ছবিটা করতে চাই। আমার ভেতর প্রতিযোগিতার নেশা অনেক। কেউ আমার চেয়ে ভালো কাজ করলে আমার হিংসা হয়, আফসোস হয় নিজের জন্য। আমি কোনো পিছুটান কিংবা প্রতিকূলতা নিয়ে ভাবতেই চাই না।’
নাচ আর অ্যাকশনে ধুন্ধুমার টাইগার এখন বলিউডের ‘হটকেক’। নিজের গোলাপি ঠোঁট আর ‘মিষ্টি’ হাসির ইমেজটি টাইগার তাঁর দ্বিতীয় ছবি বাগিতেই ঝেড়ে ফেলেছেন। এই তৃতীয় ছবিতে তো তিনি আকাশ ছুঁয়ে দেখিয়ে দিতে চাইছেন সবাইকে, তিনি দমে যেতে আসেননি। এসেছেন জয় করতে। তাই তো বলিউডে দ্বিতীয় বছর পার করতে না করতেই, যারা তাঁকে নিয়ে ব্যঙ্গ করতেন, তাঁদের মুখেই এখন টাইগারের প্রশংসার ফুলঝুড়ি। কারণ একটাই, বক্স অফিসে যার উড়ন্ত বিচরণ, সেই ‘ফ্লাইং’ টাইগারকে নিয়ে কি হাসাহাসির সুযোগ আছে? বলিউডের মতো কঠিন বাজারে কজনই বা পারেন ক্যারিয়ারের প্রথম দুই ছবি দিয়ে ‘নবাগত অভিনেতা’ থেকে ‘লাভজনক অভিনেতা’ হতে?
আদর রহমান
ফিল্মফেয়ার, ইন্ডিয়ান এক্সপ্রেস ও বলিউড হাঙ্গামা অবলম্বনে