বাঘ তাঁর কাছে বীরের প্রতীক, বিজয়ের প্রতীক। শিল্পী নাজির হোসেনের ছবি মানেই বাংলার ডোরাকাটা বাঘ। তাঁর কোনো ছবিতে বাঘ যেন চাষা, মানে জমিতে হাল দেয়। আবার কোনো ছবিতে সে গায়েন, মানে একতারা-দোতারা বাজায়। বাজায় ঢাকঢোলও। তার বাঘ পাইলটও, মাঝি বা ড্রাইভারও। মানে তাঁর বাঘ নৌকা, রিকশা বা প্লেন চালায়। ঐশ্বর্যময় বাংলার প্রতীক হিসেবে বেঙ্গল টাইগারকে নানাভাবে ক্যানভাসে এনেছেন নাজির।
বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে বাঘ। তার সঙ্গে যুক্ত হলো বিশ্ব বাঘ দিবসের প্রাসঙ্গিকতা। দুটোতে মিলে ‘বাংলার বাঘ’ শীর্ষক চিত্র প্রদর্শনীর আয়োজন পেল ভিন্ন এক মাত্রা। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৪ নম্বর গ্যালারিতে গতকাল শুক্রবার শুরু হয়েছে নাজির হোসেনের আঁকা ৬০টি বাঘবিষয়ক চিত্রকর্ম নিয়ে এই প্রদর্শনী। এই শিল্পী টাইগার নাজির হিসেবেও বেশ পরিচিত। তার আঁকা পটচিত্রে দেখা মিলল ভিন্ন এক বাঘের।
বিশ্ব বাঘ দিবস উপলক্ষে ইউএসএইডের ‘বাঘ যাত্রা’ আয়োজন করেছে সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন ইউএসএইডের বেঙ্গল অ্যাক্টিভিটির চিফ অব পার্টি গ্যারি এফ কলিন্স।
এই প্রদর্শনী চলবে ৫ আগস্ট পর্যন্ত।