বাঘ পুষবেন ‘টাইগার’ খান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এক থা টাইগার’ ছবিতে টাইগার চরিত্রে অভিনয় করে বিপুলভাবে প্রশংসিত হয়েছেন বলিউডের অভিনেতা সালমান খান। এখন অনেকে তাঁকে ‘টাইগার খান’ নামেও ডাকছেন। বিষয়টি বিবেচনায় নিয়ে সম্প্রতি ভারতের লক্ষেৗ চিড়িয়াখানা থেকে বাঘ দত্তক নেওয়ার অনুরোধ জানানো হয়েছে সালমানকে। এ-সংক্রান্ত একটি চিঠি এরই মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে সালমানের কাছে। লক্ষেৗ চিড়িয়াখানার পরিচালক রেনু সিং জানিয়েছেন, ‘সালমান অভিনীত “এক থা টাইগার” ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছে। তুমুল জনপ্রিয় এ তারকার ভক্তরা তাঁকে অন্ধের মতো অনুকরণ করার চেষ্টা করে। তিনি যদি বাঘ দত্তক নিতে এগিয়ে আসেন, তবে এই চর্চা তাঁর ভক্তদের মধ্যেও ছড়িয়ে পড়বে।’ এক খবরে এমনটিই জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’। রেনু আরও বলেন, ‘আমাদের চিড়িয়াখানা থেকে বাঘ দত্তক নেওয়ার প্রস্তাবে ইতিবাচক সাড়া দেওয়ার অনুরোধ জানিয়ে দুই দিন আগে সালমানের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। এর কোনো জবাব এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি। আমাদের প্রত্যাশা, সালমান এ প্রস্তাবে রাজি হয়ে যাবেন।’এর আগে বলিউডের আরেক তারকা দিয়া মির্জাকে এ ধরনের অনুরোধ পাঠিয়েছিল লক্ষেৗ চিড়িয়াখানা কর্তৃপক্ষ। দিয়া সেই অনুরোধ রেখেছিলেন। ২০১০ সালে একটি চিতাবাঘ দত্তক নিয়েছিলেন তিনি।