বাঘিনীর পর এবার সিংহী দত্তক নিলেন প্রিয়াংকা
গত বছর ‘দুর্গা’ নামের একটি বাঘিনী দত্তক নিয়েছিলেন বলিউডের অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। এবার ‘সুন্দরী’ নামের একটি সিংহী দত্তক নিয়ে প্রাণীর প্রতি তাঁর ভালোবাসারই বহিঃপ্রকাশ ঘটালেন সাবেক এ বিশ্বসুন্দরী।গত বছর ঝাড়খন্ডের বিরসামুণ্ডা চিড়িয়াখানার দুর্গাকে দত্তক নিয়েছিলেন প্রিয়াংকা। সম্প্রতি একই চিড়িয়াখানা থেকে সুন্দরীকে এক বছরের জন্য দত্তক নিলেন তিনি। আগামী এক বছর সুন্দরীর প্রতিপালনের যাবতীয় ব্যয় বহন করবেন এ অভিনেত্রী ও গায়িকা। প্রিয়াংকার এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’। গত বছর প্রাণী দত্তক দেওয়ার এ প্রক্রিয়া শুরু করে বিরসামুণ্ডা চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আগ্রহী ব্যক্তিরা কোনো প্রাণী এক থেকে ১১ বছর পর্যন্ত দত্তক নিতে পারেন। এ থেকে অর্জিত আয়ের পুরোটাই ব্যয় করা হয় চিড়িয়াখানার প্রাণী রক্ষণাবেক্ষণের কাজে। পাশাপাশি বন্য প্রাণী সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতেও ব্যয় করা হয় এ অর্থ। কর্তৃপক্ষের ধারণা, প্রিয়াংকার মতো জনপ্রিয় তারকাদের অংশগ্রহণ এমন উদ্যোগের সফলতায় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।