গ্যালারিতে প্রবেশ করে চোখ জুড়িয়ে গেল। চারপাশে নানা আকৃতির বর্ণিল ক্যানভাস। সবগুলো ক্যানভাসে বাঘের উপস্থিতি। রীতিমতো ডোরাকাটা বাঘ। তবে এ বাঘ দেখে ভয় পাবে না কেউ। শিল্পী নাজির হোসেনের ক্যানভাসে বাঘ বনে শিকার করে না। বরং মনের সুখে লোকালয়ে ঘুরে বেড়ায়। লাঙ্গল টেনে কৃষককে সহযোগিতা করে, নৌকাবাইচে অংশ নেয়। শিশুদের নিয়ে রিকশায় ঘুরে বেড়ায়। বাংলা ঢোল নিয়ে আনন্দে মেতে ওঠে। এ ধরনের ছবি নিয়ে গতকাল শুক্রবার শুরু হয়েছে নাজির হোসেনের ‘বাঘের দেশে বৈশাখ’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী।
গতকাল সন্ধ্যায় ১০ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা। এতে সভাপতিত্ব করেন বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শিল্পসমালোচক মইনুদ্দীন খালেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গ্যালারি চিত্রকের নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান ও শিল্পী নাজির হোসেন।
প্রদর্শনীতে প্রদর্শিত শিল্পকর্মের সংখ্যা ৬০টি। চলবে ২০ এপ্রিল পর্যন্ত।
চৈত্রসংক্রান্তি উৎসব
সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল রোববার চৈত্রসংক্রান্তি উৎসবের আয়োজন করা হয়েছে। বাংলা একাডেমির মূল ফটকের বিপরীত পাশে সকাল সাড়ে আটটা থেকে দিনব্যাপী এ উৎসব চলবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক সংবাদ সম্মেলনে গতকাল শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।