বাঙালি খাবারে মুগ্ধ টিলডা সুইনটন

বাঙালি খাবার খেয়ে মুগ্ধ হয়েছেন অস্কার ও বাফটাজয়ী জনপ্রিয় ব্রিটিশ চিত্রতারকা টিলডা সুইনটন। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলা একাডেমিতে ঢাকা লিট ফেস্টে খাবার খাওয়ার পর এই প্রতিবেদকের কাছে অনুভূতির কথা তিনি নিজেই ব্যক্ত করেছেন। বলেছেন, ‘খাবারগুলো খুবই সুস্বাদু ছিল। আমার ভালো লেগেছে।’ দুপুরের খাবারে খিচুড়ি, গরুর মাংস, চিংড়ির দোপেয়াজা, সবজি, ভর্তা আর ফিরনি খেয়েছেন তিনি। আরও বললেন, ‘যেখানেই যাই, সেখানে স্থানীয় খাবার খাওয়ার ব্যাপারে আমার আগ্রহ থাকে।’

জানালেন, এবারই প্রথম বাংলাদেশে এসেছেন তিনি। উৎসবস্থলে আসার পর গুঁড়িগুঁড়ি বৃষ্টি আর ঠান্ডা আবহাওয়া তাঁর ভালো লাগছে। চারদিকে রঙিন রঙিন সব স্টল, আলোচনা, অনেক মানুষের সমাগম—সব মিলিয়ে উৎসব উৎসব ভাব তিনি উপভোগ করছেন। পাশাপাশি প্রশংসা করেছেন আয়োজকদের।

গত বুধবার ঢাকায় এসেছেন টিলডা সুইনটন। বাংলা একাডেমিতে ঢাকা লিট ফেস্টে অংশ নিচ্ছেন তিনি। জানা গেছে, উৎসবে গতকাল দুপুরে তাঁর জন্য আলাদা খাবারের ব্যবস্থা রাখা হয়। কিন্তু আয়োজকদের কাছে তিনি বাঙালি খাবার খাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। তখন পাশেই অন্য অতিথিদের জন্য বাঙালি খাবারের ব্যবস্থা ছিল। তাঁকে সেখানে নিয়ে যাওয়া হয়। খাবার নেওয়ার জন্য লাইনে দাঁড়ান। এ সময় তিনি আশপাশের অনেকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
আজ শুক্রবার বাংলা একাডেমিতে ঢাকা লিট ফেস্টে আলোচনায় অংশ নেবেন টিলডা সুইনটন।