বাঙালি দর্শকদের আর বাংলা গানে মন ভরে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার টিভি সমালোচনার শুরুতেই আমরা দেশ টিভি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই, বিলম্বে হলেও তাদের শব্দ সংযোজনের যান্ত্রিক ত্রুটিটি সংশোধনের জন্য।
টিভি আলোচনার শুরুতেই ২২ এপ্রিল রাত ১১টা ৩০ মিনিটে ইভান সাইরের উপস্থাপনায় এনটিভিতে সরাসরি প্রচারিত হলো গানের অনুষ্ঠান ‘মাটির গান’। এ দিনের শিল্পী ছিলেন চন্দনা মজুমদার। তিনি লোকসংগীতশিল্পী। এ দিন একটানা প্রায় দেড় ঘণ্টা লালন থেকে শুরু করে রাধারমণ, শাহ আবদুল করিম প্রমুখের গান গেয়ে দর্শকের হৃদয় ভরে দিয়েছেন। তাঁর গায়কির সবচেয়ে বড় গুণ হলো, গলা খুলে গান করা। এ ক্ষেত্রে শিল্পীর প্রতি যথাযথ শ্রদ্ধা ও সম্মান রেখে সাধারণ দর্শক হিসেবে বলতে চাই, তাঁর এ গুণটিই আবার একটি পর্যায়ে ত্রুটিপূর্ণ মনে হয়, যখন তিনি অতিরিক্ত গলা খুলে গান করেন। যেমন তাঁর এ অনুষ্ঠানে পরিবেশিত গানের মধ্যে ‘শিরনি খাওয়ার লোভ যার আছে’ কিংবা ‘ও জলে যাইও না গো রাই’, ‘এখন ভাবিলে কী হবে গো’ ইত্যাদি। তিনি যখন চড়ায় সুর ধরছিলেন, মনে হচ্ছিল কণ্ঠের গভীরতা ও সুরের মাধুর্য হারিয়ে যাচ্ছে। তবে তাঁর পরিবেশনা ও উপস্থাপনা ছিল অকৃত্রিম ও সাবলীল। আর কিছুটা অপরিচিত গান নির্বাচনও ছিল প্রশংসার দাবিদার।
২২ এপ্রিল রাত ৯টায় বিটিভিতে প্রচারিত হলো ও ফজলে আজিমের প্রযোজনায় এ সপ্তাহের নাটক সাগর পারে।

এম রিপোর্ট টেলিছবির দৃশ্যে পিয়া বিপাশা ও অপূর্ব
এম রিপোর্ট টেলিছবির দৃশ্যে পিয়া বিপাশা ও অপূর্ব

নাটকে দেখানো হয়েছে, ব্যবসায়ী আফজাল সাহেব সাগরপারে এসেছেন তাঁর পুরোনো প্রেম স্মরণ করে প্রেমিকার উদ্দেশে একটি অনুষ্ঠান আয়োজনের জন্য। সঙ্গে সহযোগী হিসেবে এসেছে তার দুই কর্মচারী শায়লা ও মাশফিক। প্রধান অতিথি তার প্রেমিকা আর বিশেষ অতিথি তার স্ত্রী নীলা। কর্মচারীদেরও বলা হয়েছে বিষয়টি। স্ত্রীকেও। স্ত্রী এসেছে আলাদা, উঠেছে একই হোটেলে। আফজাল স্ত্রীকে একটি খাম দিয়ে বলে, খুলতে হবে ঢাকা ফিরে। তারপর অনুষ্ঠান হলো। প্রধান অতিথি এল না, তা নিয়ে কোনো কথাও হলো না। স্ত্রী একা বিমানবন্দরে ফিরতে ফিরতে গাড়িতে বসে সেই খাম খুলে দেখল, সেই ছিল প্রধান অতিথি। সেই ছিল ২৪ বছর আগের আফজাল সাহেবের প্রেমিকা।
গল্পটি এককথায় পরম্পরাহীন ও দুর্বল। আফজাল সাহেবদের স্বামী-স্ত্রীর মাঝে দেখানো হয়েছে দীর্ঘ বিচ্ছিন্নতা, কিন্তু কোনো কারণ দেখানো হয়নি। আবার তার প্রেমিকার উদ্দেশে নিবেদিত অনুষ্ঠানে স্ত্রী এসেছে ঢাকা থেকে। অথচ সেখানে এ রহস্য নিয়েও কোনো কথা নেই। বিষয়টি অবিশ্বাস্য, অস্বাভাবিক ও অযৌক্তিক মনে হয়েছে।
২০ এপ্রিল সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টিভিতে শেখ সেলিমের পরিচালনায় প্রচারিত হলো টেলিছবি এম রিপোর্ট। ছবিটি পরিচ্ছন্ন ছিল, কিন্তু এখানেও গল্পে কিছুটি অসংগতি লক্ষণীয়। আমেরিকা-প্রবাসী অপূর্ব বিয়ে করতে গিয়ে মেয়ের মেডিকেল রিপোর্ট চায় অথচ নিজের মেডিকেল চেকআপই করেনি, বিষয়টি অবিশ্বাস্য ও অসংগতিপূর্ণ। এ ছাড়া আবহ সংগীত হিসেবে ইংরেজি গানের ব্যবহার দেখে মনে হয়েছে, এখন বোধ হয় বাঙালি দর্শকদের আর বাংলা গানে মন ভরে না। আর অভিনেতা শাহেদের একটি উচ্চারণ খুবই কানে লেগেছে। প্রচলিত বাংলা প্রবাদ ‘যস্মিন দেশে যদাচার’ কে সে উচ্চারণ করেছে ‘যসিমন দেশে যদাচার’। খুবই দুঃখজনক।
এ ছাড়া ২২ এপ্রিল রাত ১০টায় তৌকীর আহমেদের রচনা ও পরিচালনায় এশিয়ান টিভিতে প্রচারিত হলো নাটক ইন্দ্রজাল। মূল্যবোধের গল্প। গল্পের বুনন, সংলাপ রচনা ও নির্মাণ ছিল দর্শকের হৃদয় স্পর্শ করার মতো। অনেক দিন পর মনে হচ্ছিল, একটা ভালো নাটক দেখছিলাম। সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যম উপযোগী একটি নাটক উপহার দেওয়ার জন্য ধন্যবাদ এশিয়ান টিভিকে এবং নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদকে।