বাঙালি বধূ হ্যালি বেরি! (ভিডিও)
মেহেদি রাঙানো হাত, চুড়ি, লাল শাড়ি। পুরোপুরি যেন বাঙালি বধূ! হলিউডের অভিনেত্রী হ্যালি বেরিকে এভাবেই দেখা যাবে তাঁর নতুন চলচ্চিত্রে। মেহেদি রাঙা হাত, চুড়ি আর লাল শাড়ির সাজটি যথেষ্টই মনে ধরেছে হলিউডের এ অভিনেত্রীর। তাঁর এ সাজ প্রীতি থেকেই জন্ম নিয়েছে উপমহাদেশের সংস্কৃতির প্রতি টান। সম্প্রতি এ অঞ্চলের সংস্কৃতির প্রতি তীব্র আগ্রহ প্রকাশ করেছেন হলিউডের এ অভিনেত্রী। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস।জানা গেছে, ‘ক্লাউড অ্যাটলাস’ নামের একটি নতুন চলচ্চিত্রে লাল শাড়ি পরে অভিনয় করেছেন হ্যালি বেরি। আর শাড়ি পরার পর তিনি মুগ্ধ হয়েই ভারতীয় সংস্কৃতি সম্পর্কে আরও জানার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এ প্রসঙ্গে হ্যালি বেরি জানিয়েছেন,এ অঞ্চলের সংস্কৃতির ভিন্নতা আমাকে টানছে। পৃথিবীর পুরোনো সংস্কৃতিগুলোর অবস্থান এ অঞ্চলেই। আর এ সংস্কৃতি সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়েছে আমার। ভারতে আমার অনেক বন্ধু আছে। তাঁদের কাছ থেকে এ অঞ্চলের বিভিন্ন গল্প শুনতে আমার খুব ভালো লাগে।’ডেভিড মিশেলের লেখা উপন্যাসের একটি দৃশ্য ‘ক্লাউড অ্যাটলাস’ চলচ্চিত্রে দেখা যাবে। এ দৃশ্যটিতে হ্যালি বেরি বাঙালি বউ সাজবেন। চলচ্চিত্রটির নির্মাণের সঙ্গে রয়েছেন লানা ওয়াচোওয়াস্কি, অ্যান্ডি ওয়াচোওয়াস্কি ও টম টাইকার। মানবিক গল্পের এ ছবিতে প্রত্যেক মানুষের মধ্যে নিবিড় সম্পর্কের বিষয়টি তুলে ধরবেন পরিচালক ত্রয়ী।এ ছবিতে হ্যালি বেরির সঙ্গে অভিনয় করছেন টম হ্যাংকস।চলতি বছরের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্র ও ভারতে মুক্তি পাবে ‘ক্লাউড অ্যাটলাস’।