বাঙালি বর সাইফ আলী খান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইফ আলী খান
সাইফ আলী খান

বাঙালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী শর্মিলা ঠাকুরের ছেলে সাইফ আলী খানকে এবার দেখা যাবে বাঙালি বর চরিত্রে।
‘বুলেট রাজা’ ছবিতে এমন চরিত্রেই অভিনয় করেছেন পতৌদির নবাব ও বলিউডের জনপ্রিয় এ অভিনেতা। ছবিটিতে তাঁর বিপরীতে রয়েছেন সোনাক্ষী সিনহা। ছবিটির মাধ্যমে এই প্রথম বাঙালি নারীর চরিত্র ফুটিয়ে তুলতে যাচ্ছেন শত্রুঘ্ন সিনহাতনয়া সোনাক্ষী।
‘বুলেট রাজা’ ছবিতে সোনাক্ষীর দাদির চরিত্রে অভিনয় করেছেন প্রখ্যাত বাঙালি মঞ্চ অভিনেত্রী দেবযানী ঘোষ। তিনি অতীতে সাইফের মা শর্মিলা ঠাকুর ও সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহার সঙ্গে অভিনয় করেছিলেন।
কাকতাল বিষয় হলো, ১৯৮৭ সালের ২ জুন সোনাক্ষী যেদিন জন্মগ্রহণ করেছেন, সেদিন শত্রুঘ্ন সিনহার সঙ্গে শুটিং করেছিলেন দেবযানী। দীর্ঘ ২৬ বছর পর এবার তিনি অভিনয় করলেন শত্রুঘ্নর মেয়ে সোনাক্ষীর সঙ্গে। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।  
অ্যাকশন ঘরানার ‘বুলেট রাজা’ ছবিটি রচনা ও পরিচালনার পাশাপাশি এটি যৌথভাবে প্রযোজনাও করেছেন ‘পান সিং তোমার’খ্যাত নির্মাতা তিগমাংশু ঢুলিয়া। এর বিভিন্ন চরিত্রে রয়েছেন সাইফ আলী খান, সোনাক্ষী সিনহা, জিমি শেরগিল, চাঙ্কি পান্ডে, রবি কিষান, গুলশান গ্রোভার, রাজ বাব্বর, সানি লিওন প্রমুখ। ছবিটির কিছু অংশের শুটিং হয়েছে কলকাতায়। এটি মুক্তি পাচ্ছে আগামী ২৯ নভেম্বর।