বাঙালি বাবুর সঙ্গে কথোপকথন
গোলাপী এখন বিলাতে ছবির একটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী। মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার পর তিনি জানালেন ১৩ জানুয়ারি ফোন করতে। সেই দিন ফোনে যখন তাঁকে পাওয়া গেল, তখন তিনি স্পেগেটি ৪২৭ ছবির শুটিংয়ে দক্ষিণ ভারতে।দাদা, নমস্কার। আপনি এখন কোথায়?‘নমস্কার, নমস্কার। এ মুহূর্তে সাউথে আছি। সালমান আর আমি একটি ছবির শুটিং করছি। সল্লুকে বলেছি, একটু সময় দাও। বাংলা থেকে ফোন এসেছে, একটু কথা বলে নিই। ক্যামেরা বসে আছে। কথা শেষ করেই আবার শুটিং শুরু করব।’গোলাপী এখন বিলাতে ছবিটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে। আপনি তো এ ছবিতে কাজ করেছেন। কাজ করে কেমন লেগেছে?বাংলাদেশের ছবিতে আমি এর আগেও কাজ করেছি। এ কারণে কী রকম ছবি বাংলাদেশে হয়, সে ধারণা আমার আছে। এপার বাংলা বলেন আর ওপার বাংলা বলেন, দুটোই আমার কাছে সমান। যেখানে আমার ভাষা এক, সেখানে তো প্রাণের টান থাকবেই। গোলাপী এখন বিলাতে ছবির গল্প যখন আমজাদ হোসেন শোনালেন, আমি আগ্রহী হলাম। আমজাদ হোসেন এর আগেও ‘গোলাপী’ নিয়ে দুটি ছবি বানিয়েছেন। কাজ করতে গিয়ে দেখলাম, তিনি গুণী নির্মাতা। তাঁর চিন্তাধারা ভালো। এখন দর্শকের কাছে কেমন লাগে, সেটাই দেখার বিষয়।ছবির অনেকটা কাজ হয়েছে লন্ডনে। সেখানে আপনার সঙ্গে ছিল আমাদের মৌসুমী-ফেরদৌস এবং শাবনূর। তারা কেমন করেছে?দেখুন, একটি কথা আপনারা বোধহয় জানেন না—মৌসুমী যখন চলচ্চিত্রে প্রথম কাজ শুরু করে, এর কিছুদিন পরই যখন আমি ওর সম্পর্কে জানলাম, তখন আমি ওকে মুম্বাইতে নিয়ে যেতে চেয়েছিলাম। সেভাবেই মুম্বাইয়ের নির্মাতারাও যোগাযোগ করেছিলেন, কিন্তু বাংলাদেশের ছবি ফেলে একটি ছবির জন্য মুম্বাইতে এসে ঝুঁকি নিতে সাহস দেখায়নি ও। আমার মনে হয়েছিল, ও মুম্বাইতে এলে খুবই ভালো করতে পারত। জানি না, মৌসুমী এ তথ্য আপনাদের দিয়েছিল কি না। এবার যখন এই ছবিতে ওর সঙ্গে বাংলাদেশে কাজ করলাম, তখন দেখলাম, ও অসম্ভব মেধাবী শিল্পী। সত্যিই ও ভুল করেছিল। ফেরদৌস তো কলকাতায় অনেক ভালো একটা জায়গা করে নিয়েছে। ফেরদৌস বেশ সাবলীল অভিনয় করে। আমার কাছে ওকে ভালো লাগে। আর শাবনূর, সে তো অসাধারণ। ওর কাজে আমি মুগ্ধ।আপনি এখন কী নিয়ে ব্যস্ত?দেখুন, আমি যা-ই করি না কেন, আমার প্রথম পরিচয় হলো, আমি একজন অভিনয়শিল্পী। সেটা মুম্বাইতে হোক আর বাংলায়, দু-জায়গায়ই কাজ করি। আবার ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় ছবি হয়, যদি ভালো গল্প পাই সেসব ছবিতেও কাজ করি। মাঝে কলকাতায় অনেক ছবিতে কাজ করলাম। দেখলাম, এই বাংলা আমাকে চায়। আমার ছবি প্রেক্ষাগৃহে এলে তার মেজাজ নাকি অন্য রকম হয়ে যায়। আমি এ কারণে হিন্দি ছবির শিডিউল বাতিল করেও বাংলা ছবি করেছি। তবে এখন ব্যস্ত মুম্বাইয়ে। সামনে আমার আর সালমানের অভিনীত বীর ছবিটি মুক্তি পাচ্ছে। এতটুকু বলতে পারি, কয়েক বছরের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল ছবি হয়েছে এটি। হয়তো এ ছবি দিয়েই আমি আবার নতুনভাবে যাত্রা করব।আপনাকে আমরা ছোট পর্দায়ও দেখছি। প্রথমে করলেন জি বাংলায় এবং এখন জিটিভিতে একটি নাচের অনুষ্ঠানে দেখা যায় আপনাকে।আমি তো একজন ডিস্কো ড্যান্সার (হাসতে থাকেন মিঠুন)। নাচের ব্যাপারে কিন্তু আমার একটা দুর্বলতা কাজ করে। কলকাতার দর্শক ও শিশুদের কথা বিবেচনা করেই প্রথমে জি বাংলায় একটি নাচের অনুষ্ঠানে কাজ করতে সম্মত হয়েছিলাম। আমি নিজেও ভাবতে পারিনি, মানুষ এ অনুষ্ঠানটি এতটা আগ্রহভরে গ্রহণ করবে। তখনই জিটিভি কর্তৃপক্ষ ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ অনুষ্ঠানটিতে কাজ করার প্রস্তাব দিল। আমি ভেবে দেখলাম, মন্দ হয় না। যাঁরা অনুষ্ঠানটি দেখেছেন, দুই বছর ধরে, তাঁরা একটি বিষয় লক্ষ করে থাকবেন, নাচের অনুষ্ঠানও যে আকর্ষণীয় করে তোলা যায়, সেটা অনুষ্ঠান কর্তৃপক্ষ প্রমাণ করেছে।ভারতের চলচ্চিত্রের অবস্থা কী?ভারতের চলচ্চিত্র সম্পর্কে বলতে গেলে তো কয়েক রাত ধরে কথা বলতে হবে। এখানে অনেক ফিল্ম ইন্ডাস্ট্রি আছে। অনেক ভাষায় এখানে চলচ্চিত্র তৈরি হয়। তবে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি বেশি আলোচনায় এলেও এখানে দক্ষিণের ছবিগুলো ভালো অবস্থায় আছে। অর্থাত্ মাদ্রাজের ছবিগুলোর বাজার বেশ ভালো। মুম্বাইয়ের ছবিগুলো অনেক বেশি প্রচার পায়। কারণ, এসব ছবির আন্তর্জাতিক বাজার তৈরি হয়েছে, তবে সব ছবি সাফল্য পায় না। আবার এটাও ঠিক, মুম্বাইয়ের চলচ্চিত্রকারেরা প্রতিনিয়তই নতুন নতুন বিষয় সংযোজন করছেন। বাইরের দুনিয়ায় আমাদের চলচ্চিত্র অনেক বড় একটি জায়গা করে নিয়েছে। আমার তো মনে হয়, আমরা এর মাধ্যমে আমাদের সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারছি।মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা দেখি, প্রায়ই নতুন ছেলেমেয়েরা আসছে এবং তাদের জয়জয়কার। এটা কীভাবে সম্ভব হয়?ওই যে বললাম, এখানকার চলচ্চিত্রকারেরা নতুন নতুন বিষয় নিয়ে ছবি তৈরি করেন। এখন যে ছেলেমেয়েরা আসছে, তারা এখানে এসে কাজ নিয়ে এক ধরনের ধ্যানে বসে যায়। যে এটা নিয়মিত করে, সে-ই টিকে যাচ্ছে। সবাই বেশ ভালো করছে। পুরোনোরাও মানুষের কাছে সমাদৃত। আসলে নতুন-পুরোনো মিলিয়ে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে শত শত কোটি রুপি বিনিয়োগ হয়। এটি এখন আমাদের দেশে অনেক বড় শিল্প।বাংলার ছেলেমেয়েরা কেমন করছে সেই প্রতিযোগিতায়?অবশ্যই ভালো করছে। আমার কথা না হয় বাদ দিন। রানী মুখার্জি, সুস্মিতা সেন, কাজল—এরা তো অনেক ভালো জায়গায় আছে। ভবিষ্যতেও বাংলার ছেলেমেয়েরা এগিয়ে যাবে। আর বাংলা থেকে কেউ যদি আমার কাছে সহযোগিতার জন্য আসে, তবে তার জন্য আমার দরজা সব সময় খোলা। কারণ, আমি বাংলার ছেলে।