বাঙালি রীতিতে বিয়ে করবেন বিপাশা

বাঙালি রীতি মেনেই বিয়ে করবেন বলে জানালেন বাঙালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী বিপাশা বাসু। তিনি মজা করে এও বলেন, তাঁর বিয়ের অনুষ্ঠানে কেউ নাচতে পারবে না। নাচের পরিবর্তে শরীরচর্চা করতে হবে আমন্ত্রিত অতিথিদের।
বিপাশা তাঁর প্রেমিক ও বলিউডের অভিনেতা হারমান বাওয়েজাকে এ বছরই বিয়ে করবেন বলে খবর প্রকাশিত হয় চলতি মাসের শুরুর দিকে। কাকে বিয়ে করবেন—সে বিষয়ে মুখ না খুললেও সম্প্রতি বিপাশা জানিয়েছেন, বাঙালি রীতি অনুযায়ী তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
এ প্রসঙ্গে বিপাশার ভাষ্য, ‘যখনই আমি বিয়ে করি না কেন তা বাঙালি রীতি অনুযায়ীই হবে। এমনটা না করলে আমার বিয়ের অনুষ্ঠানে আসবেন না বলেই সাফ জানিয়ে দিয়েছেন মা। বলা যায়, মা আমায় একরকম হুমকিই দিয়েছেন। কাজেই নিশ্চিত করে বলতে পারি, বাঙালি রীতি মেনে গাঁটছড়া বাঁধব আমি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
শরীরচর্চার বাতিকের কারণে সুপরিচিত বিপাশা। শরীরচর্চা-বিষয়ক দুটি ডিভিডি প্রকাশের পর কিছুদিন আগে বাজারে এসেছে বিপাশার তৃতীয় ফিটনেস ডিভিডি ‘আনলিশ’। বিপাশা মজা করে এও বলেন, ‘আমার বিয়ের অনুষ্ঠানে আসার একমাত্র শর্ত হলো কেউ নাচতে পারবে না, কেবলই শরীরচর্চা করতে হবে।’
চলতি মাসের শুরুর দিকে এক টুইটার বার্তায় নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভক্তদের সঙ্গে স্ত্রী প্রিয়া আব্রাহামের পরিচয় করিয়ে দেন বিপাশার সাবেক প্রেমিক জন আব্রাহাম। জনের বিয়ে নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিপাশা বলেন, ‘আমি এর কোনো জবাব দেব না।’
জন তাঁর বিয়ের পর্বটা বেশ গোপনেই সেরেছেন। এর আগে জনের বিয়ে নিয়ে সরাসরি কিছু না বললেও বিপাশা জানিয়েছিলেন, ‘আমি হুট করে বিয়ে করব না। সবাইকে জানিয়েই বিয়ের কাজটি সারতে চাই।’