বাঙালি 'পিকু'র অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিকু ছবিতে ইরফান খান, অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোন
পিকু ছবিতে ইরফান খান, অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোন

ইউটিউবে চোখ বুলাতে গিয়ে হঠাৎ নজর আটকে গেল ‘জার্নি সং’য়ে। গানের বিবরণে লেখা বাঙালি গায়ক, গীতিকার ও সংগীত পরিচালক অনুপম রায়ের নাম। কোনো বলিউড ছবিতে এই তাঁর প্রথম কাজ। অনুপমের হিন্দি গান নিয়ে তাই আগ্রহ অনেকেরই। অনুপম সেই আগ্রহে একেবারে পানি ঢেলে দেননি। বরং হিন্দি গানেও জুড়ে দিয়েছেন পরিমাণমতো বাঙালিয়ানা। যখন হিন্দি বুলির ফাঁকে শ্রেয়া ঘোষাল গেয়ে ওঠেন ‘ও আকাশ, ও পলাশ রাশি রাশি/ একটু সবুজে চোখ মুছিয়ে দে ঘর ছাড়া মানুষের মনে’, তখন বাঙালি অনুপমের ভাষা আর সুরের প্রতি টানটা স্পষ্ট ফুটে ওঠে। সেই বাংলা গানের বুলির সঙ্গে বলিউডি দীপিকাও নিজেকে একেবারে বঙ্গললনার ছাঁচে এঁটে নিয়েছেন নিখুঁতভাবে। চোখে ভরাট কাজল, সুতির ফতুয়া, খোলা এলোচুল, গলায় ওড়না জড়ানো আর পায়ে চটি জুতো—নিজের গ্ল্যামারকে জলাঞ্জলি দিয়ে দীপিকা যেন পিকুতেই নিজেকে আটকে ফেলেছেন দিব্যি। পিকু ছবির এই বাঙালিপনাই এখন বলিউডের সবচেয়ে আকর্ষণীয় অংশ হয়ে উঠেছে। শুধু কি অনুপম আর দীপিকাই? পিকু ছবির জন্যে বলিউড মহাতারকা অমিতাভও নিজেকে বাঙালি সাজে সাজাতে কোনো কমতি রাখেননি।
ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে একটা বিষয় খুব প্রচলিত। তা হলো, তাঁদের ডাক নাম আর ভালো নাম। পিকু ছবির নামকরণ সেই ডাক নাম থেকে। এ ছবিতে দীপিকা পাড়ুকোনের ডাকনাম থাকে পিকু। আর ভালো নাম? সেটাই নাকি ছবির রহস্য। কোনোভাবেই পিকুর ভালো নাম প্রকাশ করতে চাইছেন না ছবির পরিচালক সুজিত সরকার। বাঙালি পরিচালক সুজিত সরকার এর আগে ভিকি ডোনার আর মাদরাজ ক্যাফের মতো ছবি বানিয়ে বাহবা কুড়িয়েছেন বেশ। এবার তিনি ছবির গল্প হিসেবে বেছে নিয়েছেন দিল্লিতে বসবাসরত বাঙালি স্থপতি পিকু ও তাঁর বাবা ভাস্কর ব্যানার্জির গল্প। এটা বাবা-মেয়ের লম্বা সফরের গল্প, তাঁদের সম্পর্কের গল্প।
পিকুর ট্রেলার ইউটিউবে প্রকাশ পাওয়ার পর থেকেই তা উঠে আসে আলোচনার শীর্ষে। ছবিতে ফুটে ওঠা কলকাতার অলিগলি, অমিতাভ বচ্চনের মুখে বাঙালি বুলি আর তাঁর ‘মোশন’ ও ‘ইমোশন’-এর সংলাপ উঠে আসে অনেকের ভালো লাগার তালিকায়। এর পাশাপাশি অভিনেতা ইরফান খানের সঙ্গে দীপিকার অন্য রকম রসায়নও নজর কাড়ে অনেকের। ‘লাভলি’ গানে স্বল্প পোশাকে কোমর দোলানো নায়িকাটি যে কপালে টিপ আর চোখে কাজল এঁকে পাশের বাড়ির মেয়েটিও হতে পারেন, তা পিকুবেশী দীপিকাকে না দেখলে বোঝার কোনো জো নেই। ছবিতে আরও অভিনয় করছেন বাঙালি অভিনেত্রী মৌসুমি চ্যাটার্জি ও অভিনেতা যিশু সেনগুপ্ত। কানাকানি চলছে ট্রেলারের অনুপস্থিত যিশুকে নিয়েও নাকি আছে অনেক চমক। পরিচালক সুজিত বলেছেন, ‘যিশুকে দেখার জন্য অপেক্ষায় থাকুন। কারণ, এমনভাবে আপনারা কোনো দিন হয়তো যিশুকে দেখেননি।’ আরও কানাকানি চলছে, পুরো ছবিতে দীপিকার সঙ্গে ইরাফান খানের টুকটাক প্রেম হলেও, আসল বাজি নাকি মারবেন যিশুই।
বলিউডে গ্ল্যামার, স্বল্পবসন আর আবেদনময় ছবির কাতারে এই পিকুকে বলা হচ্ছে বছরের প্রথম ফ্যামিলি ড্রামা, অর্থাৎ পুরো পরিবার নিয়ে দেখার মতো ছবি। ভাবা যায়, ২০১৫ সালের প্রথম প্রান্তিক পেরোনোর পর আগামীকাল মুক্তি পাচ্ছে পরিবারের সঙ্গে বসে দেখার মতো একটি ছবি। এই হলো বলিউডের অবস্থা! সে যা-ই হোক, ভারতেরই একটি প্রবাদ আছে ‘দের আয়ে দুরুস্থ্ আয়ে’। এটির বাংলা করলে হয় এমন: অর্থাৎ দেরি করে আসছে, কিন্তু ভালো কিছুই আসছে। তাই এত দিন বলিউড ছবিগুলো একলা দেখলেও এবার পরিবারকে নিয়ে দেখার মতো পিকুর ‘ভালো কিছু’ হয়তো সব আক্ষেপ ঘুচিয়ে দেবে। বোধকরি সেই অপেক্ষাতেই আছে বলিউড বক্স অফিস। দেখা যাক, পিকু সত্যিই কতটা ঘোচাতে পারে সেই আক্ষেপ।
বলিউড লাইফ, হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডে অবলম্বনে