বাঙালির উৎসব নিয়ে তারেক মাসুদের ছবি
নতুন একটি ছবির কাজে হাত দিয়েছেন তারেক মাসুদ। বাংলাদেশের বিভিন্ন জাতীয়, লোকজ ও সার্বজনীন উৎসব তাঁর এই ছবির বিষয়। ছবির ধরনের বিষয়ে তিনি বললেন, ‘একে তথ্যচিত্র কিংবা প্রামাণ্যচিত্র বলা ঠিক হবে না। আমি বলব, ভিন্ন ধরনের একটি ছবি। আর তা বাংলাদেশের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্য ও বৈভব নিয়ে।’মাসুদ ছবিটির কাজ করছেন একটু সময় নিয়ে। কাজটা শুরু করেছিলেন এ বছরের জানুয়ারি মাসে। তিনি জানালেন, ছবিটার কাজ শেষ করতে পুরো বছরটাই লেগে যাবে। কারণ, প্রায় সব কটি জাতীয় উৎসবকে ক্যামেরাবন্দী করতে চান তিনি। এখানে সময়টা খুবই গুরুত্বপূর্ণ। যখন যে উৎসব হয়, সেই সময়েই তা ধারণ করা হচ্ছে।গতকাল তারেক মাসুদ জানান, তাঁর এই ছবিতে যে উৎসবগুলো তুলে ধরা হচ্ছে, এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক ভাষা দিবস, পয়লা বৈশাখ, নৌকাবাইচ, বিশ্ব ইজতেমা, স্বাধীনতা ও বিজয় দিবস, ঈদ, পূজাসহ নানা কিছু। আরও আছে জাতিসংঘ শান্তি মিশনে অংশ নেওয়া বাহিনীর কুচকাওয়াজ। রাখা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যও। এর মধ্যে আছে সুন্দরবন, কক্সবাজারের সমুদ্রসৈকত আর নদীমাতৃক বাংলাদেশের রূপ।এ ধরনের ছবি তৈরির ব্যাপারে আগ্রহী হওয়া প্রসঙ্গে তারেক মাসুদ বললেন, ‘বিশ্বের অনেকেই বাংলাদেশকে চেনে বন্যা, জঙ্গিবাদ আর দুর্নীতির দেশ হিসেবে। কিন্তু আমাদেরও যে ঐতিহ্য আছে, গর্ব করার মতো হাজার বছরের পুরোনো সংস্কৃতি রয়েছে, অনেক অর্জন হয়েছে, এসব বিশ্বের সামনে তুলে ধরার জন্যই ছবিটি তৈরি করছি। এখানে কোনো সাক্ষাৎকার কিংবা ধারাবর্ণনা থাকবে না। সংগীত আর উৎসবের আসল শব্দের মধ্য দিয়ে প্রকাশ করা হবে সবকিছু, যাতে দৃশ্যগুলোর আবেদনটা সবার কাছে যথাযথভাবে পৌঁছাতে পারে।’তারেক মাসুদ জানালেন, ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। ছবিটি তৈরির ব্যাপারে সহযোগিতা করছেন তাঁর স্ত্রী ক্যাথরিন মাসুদ।উৎসবের আসল সৌন্দর্য তুলে ধরার জন্য নানাভাবে তা ধারণ করা হচ্ছে। ওপর থেকে এরিয়েল শট নেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে সেনাবাহিনীর হেলিকপ্টার। মাসুদ বললেন, ‘সবকিছুকে আকাশ থেকে দেখার একটা ব্যাপার আছে, যেন বলাকার চোখে বাংলাদেশকে দেখা। এভাবে আমরা কিন্তু কেউ দেখি না। নতুন প্রজন্মকে ওপর থেকে সেই রূপটা দেখাতে চাচ্ছি।’আগামী বছরের গোড়ার দিকে তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী করার পরিকল্পনা করছেন তারেক মাসুদ।