বাঙালির সত্তা, ভাষা, সংস্কৃতি ভাগ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৌতম ঘোষ। ছবি: খালেদ সরকার
গৌতম ঘোষ। ছবি: খালেদ সরকার
সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের সাবেক চেয়ারম্যান, খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষের সঙ্গে গুলশানে একটি বাসার ছাদে আড্ডা হলো গত ২৬ ফেব্রুয়ারি বিকেলে। তাঁর পরিচালনায় নতুন ছবি ‘শঙ্খচিল’-এর প্রেক্ষাপট, ছবি বানানোর বাস্তবতাসহ নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি।

দেশভাগের স্মৃতি নিয়ে সীমান্তের গল্প বললেন কীভাবে?

সীমান্ত অঞ্চলে গিয়ে আমার কিছু অভিজ্ঞতা হয়েছিল। সেটা অন্য রকম একটা জায়গা। মানুষের ভাষা ও চেহারা একই রকম। এই সীমান্ত রক্ষা করা সীমান্তরক্ষীদের জন্য বেশ কঠিন। আমি যে গল্পটা বলেছি, সেটা এখনকার গল্প বটে, কিন্তু ভেতরে দেশভাগের কিছু স্মৃতি আছে। মূল চরিত্র বাদলের নানা হুগলি প্রদেশ থেকে এদিকে চলে এসেছিল। আবার এদিককার অনেক মানুষ পশ্চিমে চলে গিয়েছিল। স্মৃতিগুলো বাদলের মতো আমাকেও তাড়িত করে। ফলে সীমান্ত অঞ্চলের গল্পের ওপর দেশভাগের একটা আভা গিয়ে পড়ে। এ নিয়েই শঙ্খচিল ছবির গল্প। স্কুলশিক্ষকের পরিবারের আশ্চর্য মেয়ে রূপসার গল্প। তারও শঙ্খচিলের মতো সীমানাবিহীন উড়ে বেড়াতে ইচ্ছা করে। গল্পে কিছু সত্য ঘটনা জানা যাবে, যেগুলো বর্ডার গার্ডদের কাছে শুনেছি। আমি আর সায়ন্তনী মিলে একটা গল্প খাঁড়া করি। তারপর চিত্রনাট্য করার সময় নতুন কিছু ভাবনা জড়ো হয়।

সীমান্ত বললেই আমাদের ফেলানীর কথা মনে পড়ে। আপনার ভাবনায় সে আসেনি?
এ ঘটনা পুরো বিশ্বকে আলোড়িত করেছিল। তবে ছবিতে প্রত্যক্ষভাবে আসেনি। সীমান্তের যে দৃশ্যগুলো আছে, তা থেকে খানিকটা ধারণা করা যাবে। গল্পটা তো সীমান্তের কনফ্লিক্ট বা টেনশন নিয়ে নয়। দুটি দেশের সীমান্তরক্ষীরা যে একটা অদ্ভুত চাপে থাকে, সেটাই প্রেক্ষাপট।

দেশভাগ নিয়ে দুই বাংলার লোক দুভাবে ভাবে। আপনি কাদের ভাবনা দেখিয়েছেন?
আলাদা করে কারও ভাবনা দেখাইনি। দেখিয়েছি বাঙালির ভাবনা। এক একজনের ভাবনা একেক রকম। দেশভাগ শুধুই ভৌগোলিক ভাগ, নাকি মনের দিক থেকেও ভাগ হয়ে যাওয়া? আমার কাছে প্রধান ব্যাপার বাঙালির সত্তা, ভাষা, সংস্কৃতি। সেসব কিন্তু কখনো ভাগ হয়নি। হয়তো দূরত্ব ছিল, কিন্তু সেই দূরত্ব এখন অনেকটা কমে গেছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আরও কমে যাবে। দেশভাগ হয়েছিল রাজনৈতিক-আর্থসামাজিক কারণে। যে আন্দোলন দানা বাঁধছিল আমাদের অবহেলিত বাঙালি মুসলমান কৃষকদের মধ্যে, সেই আন্দোলন ধীরে ধীরে অন্যদিকে মোড় নেয়। অর্থনৈতিক দাবির আন্দোলন চলে যায় সাম্প্রদায়িকতার দিকে।

‘পদ্মা নদীর মাঝি’র মতো ‘শঙ্খচিল’-এর জন্য শিল্পীদের নিয়ে প্রস্তুতি কেমন ছিল?
সাঁজবাতি নামে নতুন একটা মেয়ে কাজ করেছে। সে কখনো অভিনয় করেনি। তাঁকে মানসিকভাবে প্রস্তুত করতে হয়েছে। কুসুমকে ওই অঞ্চলের গৃহবধূ হয়ে ওঠার জন্য প্রস্তুত করতে হয়েছে। ওই অঞ্চলের স্কুলমাস্টারের মানসিকতা, হাবভাব কেমন হবে, সেসব ঠিক করতে প্রসেনজিৎকে প্রস্তুত করতে হয়েছে। কতগুলো রিয়েল ফুটেজ তুলে এনে তাঁকে দেখিয়েছি। প্রসেনজিৎকে সেখানে পাঠিয়েছিলাম। অভিনেতা-অভিনেত্রী যত বড় হোন না কেন, তাঁকে তারা থেকে মাটিতে নেমে আসতে হয়। তাহলেই সে চরিত্র হতে পারে। যত বড় স্টার হোক, আমি চেষ্টা করি তাঁকে চরিত্রের ভেতরে ঢুকিয়ে দিতে। অভিনেতা-অভিনেত্রীদের হতে হবে সাদা পাতা। এর ওপর পরিচালক চরিত্র লিখবেন।

সব সময় একটু ভিন্ন ধরনের ছবি বানান। নির্মাতা হিসেবে আপনি কোন সময়টাকে ধারণ করেন?
আমার কৈশোর, তারুণ্য, যৌবন, প্রৌঢ়, বার্ধক্যের দিকে যাওয়া প্রতিটি সময়ই আমার। প্রতিটি সময়কে উপভোগ করেছি, প্রতিটি সময় থেকেই পেয়েছি। কখনো উচ্ছ্বাস, কখনো বিষাদ। দম দেওয়া রেকর্ড থেকে ইলেকট্রোগ্রাম, ক্যাসেট, সিডি দেখেছি। এখন দেখছি আইপড। সিনেমা শুরু করেছিলাম সাদা-কালো দিয়ে। পরে রঙিন হলো, অ্যানালগ থেকে ডিজিটাল হলো। সঙ্গে সঙ্গে চলচ্চিত্রকারের কাজের মাধ্যমগুলো গেল বদলে। দর্শকের পারসেপশনও বদলে গেল। টেলিভিশন দেখা দর্শকের চোখ, রুচি বদলে গেল। ফলে আমাকে সবগুলো সময়ের সঙ্গে থাকতে হয়েছে। না হলে আমি কাজ করতে পারতাম না। কম্পিউটার না বুঝলে চলতে পারতাম না। এই সময়ের সব ধরনের প্রতিফলন শরীর ও মনে অনুরণন হচ্ছে, পাশাপাশি ৫০ বছর আগের স্মৃতিও রয়েছে। এই যে বিভিন্ন সময়ের তোলপাড়-দ্বন্দ্ব নিয়ে মানুষ এগিয়ে যাচ্ছে।

এখনকার পরিচালকেরা তো পূর্ববর্তীদের ছাড়াতে পারছেন?
কেউ কাউকে ছাড়িয়ে যেতে পারে না। যত সায়েন্স ফিকশন হয়েছে কোনোটাই কুবরিকের ২০০১: স্পেস ওডিসি ছাড়িয়ে যেতে পারেনি। আমি যতই চেষ্টা করি চ্যাপলিনকে ছাড়াতে পারব না। কতগুলো ক্ল্যাসিক থেকে যায়। সিনেমাটা একটা বিরাট স্মৃতিমালা। এটা কালেকটিভ মেমরি অব পিপল। প্রত্যেক প্রজন্ম চেষ্টা করে তার সময় ও মানসিকতাকে প্রতিফলিত করতে।

সবকিছু বদলে যাচ্ছে! কিন্তু নতুনেরা এগোচ্ছেন কেমন?

ছবি বানানোর প্রযুক্তি ও প্রক্রিয়া বদলে যাচ্ছে। অনেক কিছু সহজ হয়ে গেছে, পরিশ্রমটা কমে গেছে। একটা মাধ্যমকে শেখার যে পরিশ্রম, প্রত্যয়, ধৈর্য তার অভাব দেখা দিচ্ছে। সবই তো ইউজার ফ্রেন্ডলি। আমরা যখন শিখেছি, প্রতিটি স্টেপ আস্তে আস্তে শিখতে হয়েছে। নতুন প্রজন্মকে পদক্ষেপগুলো জানতে হবে। সরাসরি প্রযুক্তির ব্যবহার শুরু করে দেওয়া যাবে না। প্রযুক্তি এসে গেলেও ফটোকেমিক্যাল শিখে তারপর ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে হবে। তাহলে সে বুঝতে পারবে, কোন জায়গা থেকে প্রযুক্তি এই অবস্থায় এসেছে। এটা ভাষা শিক্ষার মতোই। ব্যাকরণ না শিখলে ভাষা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা যায় না।

‘বাইশে শ্রাবণ’-এর অভিনয়টা প্রশংসা পেয়েছিল! নিয়মিত অভিনয় করেন না কেন?
ছোটবেলায় মন দিয়ে নাটক করা শিখেছিলাম। ভালো একজন গুরু ছিলেন, মাইম, স্টেজে অভিনয়, স্বরপ্রক্ষেপণ শিখিয়েছিলেন। গুরুর বিদ্যা এখনো কাজে লাগাই। ছবি করতে গেলে তো অভিনয় করতেই হয়। শুধু একটা চরিত্রে নয়, বিভিন্ন চরিত্রে। সবাই কীভাবে অভিনয় করবে, সেসব তো আমাকেই ভাবতে হয়। তাই অভিনয়টা আমার কাছে কঠিন ব্যাপার হয়নি কখনোই। কিন্তু এটা আমার পেশা না, করতেও চাই না।

হাবিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?
যৌথ প্রযোজনার একটা দারুণ আনন্দ আছে। দুই বাংলা নিয়ে কাজ করার বিরাট ব্যাপ্তি। হাবিব পাগল প্রোডিউসার, সহযোদ্ধার মতো। মুক্তিযুদ্ধের স্পিরিট নিয়ে ঋত্বিক ঘটককে ধরে এনে ছবি করাল সে, এটা চাট্টিখানি কথা নয়। পদ্মা নদীর মাঝি থেকে দেখছি, শুধু টাকা দিয়ে ক্ষান্ত নয়। পরিচালকের পাশে সহযোদ্ধার মতো দাঁড়িয়ে থাকে। যে ছবিকে আমি ভালোবাসি, সেটার প্রতি সমান মমতা থাকে তাঁরও। বহু প্রযোজকের সঙ্গে কাজ করেছি, টাকা দিয়েই শেষ। হাবিব ছবিটাকে নিজের সন্তানের মতো মনে করে। এটাই হওয়া উচিত, বিদেশে এমনটাই হতে দেখা যায়।
সাক্ষাৎকার নিয়েছেন: রাসেল মাহ্‌মুদ