>ব্লুজ কমিউনিকেশনসের আমন্ত্রণে ঢাকায় ইসমত আপা কে নাম নাটকটি নিয়ে এসেছিলেন ভারতের প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তিনি এ নাটকের নির্দেশক ও অভিনেতা। নাটকে আরও অভিনয় করেছেন তাঁর স্ত্রী রত্না পাঠক শাহ ও মেয়ে হীবা শাহ। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় নাটকটি মঞ্চায়িত হয়। বিকেল চারটার দিকে আমরা যখন রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলের ফটকের কাছে পৌঁছাই, দেখি উৎসুক দর্শকেরা সময়ের অনেক আগেই হাজির। আরও ঘণ্টাখানেক পর মিলনায়তনে পৌঁছালেন নাসিরুদ্দিন শাহ ও তাঁর দল। একান্ত কিছু আলাপের জন্য সময়ের আগেই আমরা মিলনায়তনে ঢুকলাম। শুরুতেই এ সফরের ব্যবস্থাপক ও ভারতের মরফেয়াস প্ল্যানার্সের প্রধান অনুসূয়া ঘোষ জানিয়ে দিলেন, কাঁটায় কাঁটায় ১০ মিনিট সময় পাওয়া যাবে। এরই মধ্যে সারতে হবে সব কথা! নাসিরুদ্দিন শাহ ও রত্না পাঠক শাহ বেশ খোশমেজাজেই দিলেন আমাদের প্রশ্নগুলোর জবাব। উত্তর দিতে দিতে পেরিয়ে গেল মিনিট বিশেক! তাঁদের সঙ্গে আলাপে ছিলেন আদর রহমান

প্রশ্ন: ওয়েটিং ফর গডো নাটকটি নিয়ে ঢাকায় এসেছিলেন। এবার এলেন ইসমত আপা কে নাম নিয়ে। কেমন লাগছে এত দিন পর আবার এ দেশে এসে?
নাসিরুদ্দিন শাহ: ফিরে আসতে পেরে খুব ভালো লাগছে। আমি তো ভাবছিলাম, এত দিন কেউ আমাদের কেন ডাকেনি? প্রায় ২৭ বছর আগে এসেছিলাম ওয়েটিং ফর গডো নিয়ে। সে সময় খুব ভালোভাবেই দর্শক আমাদের নাটকটি নিয়েছিল। আমাদের মনে আছে, ঢাকার দর্শক-শ্রোতারা মঞ্চনাটকপ্রেমী। তাঁদের প্রশংসা ও উচ্ছ্বাস দেখে সে সময় আমরা তা টের পেয়েছিলাম। তাই আশা করছি, এবারও আমাদের চেষ্টা সফল হবে।
প্রশ্ন: রত্নাজি, আপনি কি এবারই বাংলাদেশে প্রথম এলেন, নাকি এর আগেও এসেছিলেন?
রত্না পাঠক শাহ: আমিও ওয়েটিং ফর গডোর সময় এসেছিলাম এ দেশে। মঞ্চে অভিনয় করিনি, আমি ছিলাম নাটকের আলোকসজ্জায়। আমার সে সময়ের ঢাকার কথা খুব একটা মনে নেই। সেবার মাত্র এক দিনের জন্য এসেছিলাম, যার মধ্যে অর্ধেক দিন মঞ্চের আলো ঠিক করতে করতেই চলে গিয়েছিল। তাই সেবার ঢাকার কিছুই দেখা হয়নি। এই সফরে কিছুটা সময় পেয়েছি। এবার শহরটাকে একটু ঘুরে দেখতে পারলাম।

প্রশ্ন: কেমন দেখলেন ঢাকা?
রত্না পাঠক: খুব বেশি কিছু তো দেখার সুযোগ হয়নি। তবে ঢাকার ভেতরই কয়েকটা জায়গায় গেলাম। ভালো লাগল।
নাসিরুদ্দিন শাহ: ২৭ বছর আগে শহরটা যেমন ছিল, এখন তেমন নেই। চেনা যায় না শহরটাকে। আসলে সবকিছুই তো বদলায়। এই শহরও বদলেছে। আমি বলব, ভালো অর্থেই বদলেছে এই শহরটা।
প্রশ্ন: নাসির সাহেব, আপনি তো মৃণাল সেন, ঋতুপর্ণ, গৌতম ঘোষ, আর খুব সম্প্রতি সৃজিত মুখার্জির মতো বাঙালি নির্মাতাদের নির্দেশনায় অভিনয় করেছেন। অন্য চলচ্চিত্রনির্মাতাদের চেয়ে বাঙালিদের কি আপনার কোনো দিক থেকে আলাদা মনে হয়েছে?
নাসিরুদ্দিন: আমি আমারটা পরে বলি। তবে খেয়াল করেছি, বাঙালিরা এটা ভাবতে পছন্দ করে যে তাঁরা সবার থেকে আলাদা! (ভারী গলায় হেসে ওঠেন) তবে তাঁরা এটা ডিজার্ভ করে। ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে বিচক্ষণ (সিরিয়াস) চলচ্চিত্র তৈরির সাহস তাঁরা (বাঙালি নির্মাতারা) দেখিয়েছেন। অনেকেই জানেন না যে বাংলা ছবিরও অনেক আগে মারাঠি সিনেমা জগতে ভি সান্তারামের মতো নির্মাতারা আর্টিস্টিক ফিল্ম বানানোর সাহস দেখিয়েছেন। তবে সত্যজিৎ রায় তাঁর শৈল্পিক সৃষ্টিকে বিশ্বের সবার সামনে তুলে ধরতে সফল হয়েছেন। সেই সাফল্যের কৃতিত্ব এখনো বাঙালিরা গর্বের সঙ্গে স্মরণ করেন।
তবে শুধু সত্যজিৎ রায় আর মৃণাল সেনের সাহসিকতার কথা বললে ভুল হবে। আরও কয়েকজন বাঙালি নির্মাতার নাম না বললেই নয়। যেমন ঋত্বিক ঘটক, যাঁর চলচ্চিত্র আমাদের উপমহাদেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য মাইলফলক। এ সময়ের কৌশিক গাঙ্গুলী, কিউ (কৌশিক মুখার্জি), সৃজিত—তাঁরা খুব মেধাবী, ধরাবাঁধা চিন্তার বাইরে গিয়ে কাজ করেন।
রত্না: আমি তো বিশেষ করে বলব কিউয়ের কথা। অসাধারণ কাজ করে সে। ফ্রেমে তুলে আনে সেই গল্প, যা সবাই আনতে পারে না। ভারতের তরুণ নির্মাতাদের মধ্যে তার কাজের ভক্ত আমি।
নাসিরুদ্দিন: আমার সবচেয়ে স্মরণীয় ছবির একটি ছিল পার। গৌতম ঘোষের সঙ্গে ওই একটাই ছবি করা। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এরপর থেকে সে শত্রুঘ্ন সিনহাকে নিয়ে ছবি বানাতে শুরু করল! (আবারও হাসি)
গৌতম ঘোষের ব্যাপারে নাসিরুদ্দিনের কথার সঙ্গে যোগ করলেন রত্না: হ্যাঁ, এখন তো তিনি নিজেও অভিনয় করেন। তাই তিনি এখন সব অভিনেতাকেই পেছনে ফেলে দিয়েছেন।
আবার কথায় ফিরে আসেন নাসিরুদ্দিন শাহ, বলেন: মৃণালদার সঙ্গে কাজের অভিজ্ঞতাও ছিল দারুণ। খান্ডার ছবিটাকে এখনো আমি খুব ভালোবাসি। তাঁর সঙ্গে আমার দ্বিতীয় ছবি জেনেসিস-এর অভিজ্ঞতা তেমন সুখকর ছিল না। এখন তাঁর অনেক বয়স হয়ে গেছে, তবে এরপরও আমি চাইব, কোনো দিন আবার সুযোগ হলে মৃণালদার সঙ্গে কাজ করতে।

প্রশ্ন: এবার আপনার অভিনেত্রীদের নিয়ে একটু বলুন। আপনি তো স্মিতা পাতিল, শাবানা আজমির নায়ক ছিলেন। এখনো আপনি বিদ্যা বালান, কালকি কোচলিনদের মতো তরুণ নায়িকাদের নায়ক হচ্ছেন। পর্দায় তাঁদের সঙ্গে রোমান্স করছেন। আপনার জীবনের সেই সময় থেকে এই সময়ের নায়িকাদের ব্যাপারে বলুন।
নাসিরুদ্দিন শাহ: আমার চোখে সেই সময় থেকে এ সময় পর্যন্ত সবচেয়ে সুন্দরী, লাবণ্যময়ী, স্বর্গীয় সৌন্দর্যের অধিকারী মনে হয় ওয়াহিদা রেহমান, মধুবালা, নার্গিসদের। তাঁদের কারও নায়কই আমি হতে পারিনি, এটা আমার দুর্ভাগ্য। কিন্তু যে অভিনেত্রীদের কথা তুমি বললে, তাঁরা সবাই অসাধারণ। তাঁদের সঙ্গে অভিনয়ের প্রতিটি মুহূর্তকে আমি উপভোগ করেছি। এমনকি কাজ শেষ হওয়ার পরও তাঁদের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল এবং আছে।
আমি কালকির কথা বিশেষভাবে বলতে চাই। এ সময়ে আমার দেখা সবচেয়ে অসাধারণ ও সাহসী অভিনেত্রী সে। তার ভেতরের গুণগুলো বিরল। সে ভারতীয় নয়, ফরাসি শ্বেতাঙ্গ। এরপরও উপমহাদেশের দর্শকদের সামনে সে নিজেকে এ তল্লাটের শিল্পী হিসেবেই সফলভাবে তুলে ধরেছে। শুধু আর্টিস্টিক ছবিতেই নয়, বাণিজ্যিক সিনেমাতেও নিজেকে প্রমাণ করেছে কালকি। আমি তার গুণমুগ্ধ।
অনেক বছর ধরে শাবানার (আজমি) সঙ্গে কাজ করা হয় না। আমি ওর সঙ্গে অভিনয় করা মিস করি। তবে সম্প্রতি সেও ভালো কিছু কাজ করছে।
প্রশ্ন: রত্না পাঠক, নাসির সাহেব তো এখনো তরুণী অভিনেত্রীদের নায়ক হয়ে অভিনয় করে যাচ্ছেন। আর আপনি অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা, ফাওয়াদ খান, ইমরান খানের ‘মা’-এর চরিত্রে। এটাকে কি আপনার খুব নির্মম বৈষম্য মনে হয় না?
নাসির সাহেব প্রশ্ন শুনে হালকা হাসলেন। আর রত্না পাঠক হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। প্রশ্ন করলেন পাল্টা: তুমি কি সরাসরি জবাব চাও? নাকি গতানুগতিক কিছু?
আমি বললাম: সরাসরি জবাবই দিন।
রত্না পাঠক শাহ থুতনির কাছে এক হাত নিয়ে বেশ গম্ভীর ভঙ্গিতে জবাব দিলেন: হ্যাঁ, বৈষম্য আছে। এটা না থাকলে কনটেন্ট নাকি মুচমুচে হয় না। এভাবেই তো সব চলে আসছে।
কিছুক্ষণের নীরবতা। আলাপচারিতার হাল ধরলেন নাসিরুদ্দিন শাহ। বললেন: বয়স্ক অভিনেত্রীদের পরিণত মেধা আমাদের নির্মাতা ও লেখকদের অনুপ্রাণিত করে না। এটা খুব দুঃখজনক। আমার মতে প্রত্যেক অভিনেতা ও অভিনেত্রী ম্যাচুরিটি অর্জন করেন ৪০ পেরোনোর পর। আমার বেলায় তো তা-ই হয়েছে। ওমের (পুরি) অভিনয়ও পরিণত হয়েছে সে যখন ৪০ পেরিয়েছে। আমি আমার পুরোনো তরুণ বয়সের কিছু ছবি দেখলে তো এখন রীতিমতো লজ্জা পাই। আমি ভালো অভিনয় করতে শুরু করেছি ৪০–এর পর। কিন্তু অভিনেত্রীদের বেলায় তাঁদের পরিণত অভিনয়কে আমরা গ্রহণ করতে পারিনি। তরুণ বয়সের লাস্যময়তা কেটে গেলেই আমরা তাঁদের নিয়ে ভাবা বন্ধ করে দিই। এটা খুবই অপমানজনক। আমাদের সেই পরিপক্বতা কাজে লাগানো উচিত ছিল, যেমনটা আমরা অভিনেতাদের বেলায় করে এসেছি। কিন্তু আমরা মেধাবী অভিনেত্রীদের নায়কের মা, সৎমা, শাশুড়ি, আন্টির চরিত্রের ছাঁচে ফেলে দিই।
রত্না পাঠক: তরুণ অভিনেত্রীদের কথা ভেবেই বা কয়টা চিত্রনাট্য লেখা হচ্ছে ভারতে কিংবা উপমহাদেশের চলচ্চিত্রাঙ্গনে? হ্যাঁ, এখন দৃশ্য একটু একটু বদলাচ্ছে। ভালো স্ক্রিপ্ট লেখা হচ্ছে নারীচরিত্রকে মাথায় রেখে। তবে সেখানেও জ্যেষ্ঠ অভিনেত্রীদের কাজের সুযোগ খুব কম। খুব সম্প্রতি দু–একটা সিনেমা দেখে বলতে পারি, বলিউড একটু একটু করে ম্যাচিউর হচ্ছে। আগের মতো শুধু কম বয়সী সহজ-সরল লাস্যময়ী গ্রামের মেয়ের সঙ্গে শহরের বড় লোকের সুদর্শন ছেলের প্রেম নিয়ে ছবি হচ্ছে না। এখন অনেক ভিন্ন বিষয়ের ওপর বিচিত্র সব চরিত্র নিয়ে সিনেমা তৈরি হচ্ছে।
নাসিরুদ্দিন: আমি যেমন একটা ভিন্নধারা ছবির কথা বলতে চাই। সৌমিত্রদার (চট্টোপাধ্যায়) বেলাশেষে। এই তো সেদিন দেখলাম। একজন অবসরপ্রাপ্ত বয়স্ক ব্যক্তি তাঁর স্ত্রীকে ডিভোর্স দিতে চান। সেখানে যেভাবে একটা নতুন ভাবনাকে তুলে ধরা হয়েছে, একই সঙ্গে বয়স্ক সেই অভিনেতার পাশাপাশি বয়স্ক অভিনেত্রীকেও (স্বাতীলেখা সেনগুপ্ত) পর্দায় সমান গুরুত্ব দেওয়া হয়েছে, তা প্রশংসনীয়। এমন চরিত্র কোনো হিন্দি ছবিতে দেখা যায় না।

প্রশ্ন: রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্রর মতো সফল বাণিজ্যিক ঘরানার ছবির অভিনেতাদের পাশাপাশি, আপনি, ফারুখ শেখ, ওম পুরিরা বিকল্পধারার ছবিতে অভিনয় করে বিপ্লব ঘটিয়েছেন। এই যে স্রোতের বাইরে হাঁটার সাহস, এটা কোথায় পেলেন?
নাসিরুদ্দিন: অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, শশী কাপুরদের সময় অভিনয়ের সুযোগ পাওয়া আমাদের জন্য সৌভাগ্য ছিল। এটা একটি বিশেষ পাওয়া আমাদের, যে মারমার কাটকাট ছবির সময়েও কিছু নির্মাতা আমাদের নিয়ে এক্সপেরিমেন্ট করতে আগ্রহী ছিলেন। এটা বিস্ময়ের চেয়ে কম নয়। আমার প্রথম ছবি নিশান্ত (১৯৭৫)-এর কথা মনে করতে হয়। শ্যাম বেনেগাল ওই সময় সাত–আটজন আনকোরা অভিনয়শিল্পীকে নিয়ে বিকল্পধারার হিন্দি সিনেমা বানানোর সাহস দেখিয়েছিলেন। সেই ছবিতে আমি, স্মিতা পাতিল, কুলভূষণ খারবান্দা, মোহন আগাশি, গিরিশ কার্নাড—সবাই নতুন ছিলাম। আরও ছিল শাবানা আজমি, অমরেশ পুরির মতো তরুণ শিল্পীরা। ওই সময় নতুনদের নিয়ে ছবি বানানোর মতো এমন দুঃসাহস শ্যাম ছাড়া আর কেউ করতে পারেনি। তাই তাঁকে পরিচালক হিসেবে পাওয়া আমাদের জন্য ছিল সৌভাগ্য।
প্রশ্ন: যে নতুনধারার সূচনা করেছিলেন, সে সময় ভারতে কোনো অভিনেতা কি আপনার আদর্শ ছিলেন?
নাসিরুদ্দিন: না, বলিউডের কোনো অভিনেতা আমার আদর্শ ছিলেন না। এমন কয়েকজন অভিনেতা ছিলেন, যাঁদের আমি প্রশংসা করতাম, যাঁদের গুণমুগ্ধ ছিলাম। কিন্তু আদর্শ হিসেবে অনুসরণ করার মতো কেউ ছিলেন না। আমার সারা জীবনের স্বপ্ন ছিল সত্যজিৎ রায়ের ছবিতে অভিনয় করার, কিন্তু তিনি আমাকে কখনো ডাকেননি।
প্রশ্ন: আমরা সাক্ষাৎকারের শেষ দিকে চলে এসেছি। আপনার লেখা আত্মজীবনীতে পড়েছি...
মাঝপথে থামিয়ে দিলেন নাসিরুদ্দিন শাহ। বললেন: আমার আত্মজীবনী কিন্তু বাংলায় অনূদিত হয়ে গেছে। খুব শিগগিরই প্রকাশিত হবে। অনুবাদ করেছেন শমীক বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন: বাহ্, বাংলা ভাষাভাষীদের জন্য এটা তো সুসংবাদই। অপেক্ষায় থাকলাম। প্রশ্নে ফিরে আসি। আপনার আত্মজীবনীতে পড়লাম, আপনি স্ত্রী রত্না পাঠককে ‘বিরল প্রজাতি’র বলে উল্লেখ করেছেন? কেন তাঁকে বিরল মনে হলো আপনার?

নাসিরুদ্দিন: কারণ, আমি তার মতো মানুষ এই জীবনে আর দ্বিতীয়টি পাইনি। তাই তাকে বিরল বলতেই হবে। আমি লিখেছি, সে তার বিরল প্রজাতির রানি (কুইন অব হার স্পিশেস)।
প্রশ্ন: প্রথমে তাঁর (রত্না পাঠকের) কোন বিরল দিকের প্রেমে পড়েন আপনি?
নাসিরুদ্দিনের আগে এ প্রশ্নের জবাব দিলেন রত্না পাঠক। খুনসুটি করে বললেন: আমার দাঁতের।
প্রশ্ন: কথাটি কি সত্যি নাসির সাহেব?
নাসিরুদ্দিন: এটা বলা একটু কঠিনই আমার জন্য। আমি যে আসলে তার কোন গুণের, কোন দিকের প্রেমে পড়েছিলাম! এটা বলতে পারি, তার সঙ্গে পরিচয়ের পর যে উষ্ণতা আমি পেয়েছি, সেটা আমাকে খুব আকৃষ্ট করেছে। সেই উষ্ণতার প্রেম থেকে এখনো নিজেকে ছোটাতে পারিনি। আমরা একসঙ্গে দিনের পর দিন নাটকের মহড়া করতাম। খুব কম বয়স ছিল আমাদের। আমার বয়স ২৩ কি ২৪ হবে। আর রত্নার ১৭ কিংবা ১৮। সবাই তরুণ। কিন্তু সে সময় সেই বয়সে রত্না যেভাবে বিচক্ষণতার সঙ্গে নিজের মত প্রকাশ করত, তা ছিল তার ব্যক্তিত্বের খুব আকর্ষণীয় দিক।
প্রশ্ন: রত্না পাঠক, আপনি আত্মজীবনী লিখলে নাসির সাহেবকে কীভাবে ব্যাখ্যা করবেন। তিনিও কি আপনার দেখা বিরল প্রজাতির মানুষ?
রত্না: তাকে ব্যাখ্যা করার জন্য আমার আত্মজীবনী লিখতে হবে না। আমি এখনই বলতে পারি তাকে নিয়ে। মানুষ হিসেবে সেও দুর্লভ কিছু গুণের অধিকারী। আমার দেখা নাসিরই একমাত্র অভিনেতা, যে আসলে জানে যে সে কী করতে পারবে আর কী করতে পারবে না। নিজের মাত্রা ও সীমাবদ্ধতা সে জানে। নিজের কাজ, নিজের অভিনয়কে সে প্রতিবারই নতুনভাবে বের করে আনতে পারে। অভিনেতা হিসেবে এই ক্ষমতা সবার থাকে না। আমার কাছে তার ব্যক্তিত্বের এই দিকটি সবচেয়ে অনুপ্রেরণাদায়ক ও আকর্ষণীয় মনে হয়।