বাচসাসের আজীবন সম্মাননা পাচ্ছেন যাঁরা

বিএফডিসিতে ২৭ ডিসেম্বর বসতে যাচ্ছে বাচসাস (বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি) পুরস্কারের ৩৮তম আসর। এবারের আসর থেকে একসঙ্গে পাঁচ বছরের পুরস্কার দেওয়া হচ্ছে। আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের তিন দিকপাল। এঁরা হলেন রাজ্জাক, কবরী ও চাষী নজরুল ইসলাম। এ ছাড়া বিশেষ সম্মাননা দেওয়া হবে নির্মাতা শহীদুল ইসলাম খোকনকে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বাচসাস সভাপতি আবদুর রহমান।
প্রথম আলোকে আবদুর রহমান বলেন, ‘বাংলাদেশি চলচ্চিত্রে রাজ্জাক, কবরী ও চাষী নজরুল ইসলামের অবদান বলে শেষ করা যাবে না। তাঁদের অসামান্য অবদানের জন্য আমাদের জুরিবোর্ড চলচ্চিত্রের এই তিন দিকপালকে আজীবন সম্মাননা প্রদানের ব্যাপারে সম্মত হয়েছে। তাঁদের সম্মানিত করার মধ্য দিয়ে আমরা নিজেরাও সম্মানিত হতে চাই।’
রাজ্জাক বলেন, ‘বাচসাস সদস্যদের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক। আমার সুখে-দুঃখে এঁদের সব সময় কাছে পেয়েছি। সংগঠনটি থেকে এবার আমাকে আজীবন সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে। নিজেকে গর্বিত মনে করছি। আমি খুব খুশি।’
কবরী বলেন, ‘বাচসাসের প্রথম আসর থেকেই আমি যুক্ত। প্রথম আসরে “লালন ফকির” ছবিটির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলাম। সে আসরে অবশ্য আমি গানও করেছি। এরপর আরও কয়েকবার এই সংগঠন থেকে আমাকে পুরস্কৃত করা হয়। এবার ৩৮তম আসর বসতে যাচ্ছে। কীভাবে এতটা বছর পার হয়ে গেল টেরই পেলাম না! বাচসাসের শুরু থেকেই চলচ্চিত্রের বোদ্ধা এবং যোদ্ধারাই এ সংগঠনের সঙ্গে যুক্ত। তাঁরা বরাবরই চেষ্টা করেন চলচ্চিত্রের যোগ্য লোকদের সম্মানিত করার। এবার আমাকে আজীবন সম্মাননা দিতে যাচ্ছেন তাঁরা। একদিকে যেমন অনেক ভালো লাগে, অন্যদিকে অজানা একটা শঙ্কাও কাজ করে। কেন যেন মনে হয়, আজীবন সম্মাননা দেওয়ার অর্থ কাজ থেকে বিদায়ের ইঙ্গিত। তবে চলচ্চিত্র অঙ্গন থেকে এখনই বিদায় নিচ্ছি না।’
অসুস্থ হয়ে বাসায় শয্যাশায়ী চাষী নজরুল ইসলাম। মুঠোফোনে তিনি বলেন, ‘আমি আনন্দিত। সবাই আমার জন্য দোয়া করবেন।’
চলচ্চিত্রের ১৭টি বিভাগে বাচসাস পুরস্কার প্রদান করা হবে।