বাচসাসের নতুন নেতৃত্ব চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক ইকবাল করিম
সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক ইকবাল করিম

চলচ্চিত্র সাংবাদিকদের একমাত্র নিবন্ধিত সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) নতুন মেয়াদের নেতৃত্ব চূড়ান্ত হয়েছে। আগামী দুই বছরের জন্য নির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন আবদুর রহমান ও সাধারণ সম্পাদক ইকবাল করিম। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে তাঁদের প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে।
বাচসাসের এবারের নির্বাচনে আবদুর রহমান পেয়েছেন ২৫৯ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লিটন এরশাদ পেয়েছেন ১৩৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ইকবাল করিম ২৮৪ ভোট আর তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুল হাসান পেয়েছেন ১১২ ভোট। রাত ৯টায় ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ফরিদ বাশার।
বাচসাসের নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহসভাপতি বাদল আহমেদ, সীমান্ত খোকন, সহসাধারণ সম্পাদক হামিদ মোহাম্মদ, অর্থ সম্পাদক নবীন হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈকত সালাহউদ্দিন, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক রিমন মাহফুজ, মহিলাবিষয়ক সম্পাদক আবিদা নাসরিন, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক রেজাউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ জেয়াদ, দপ্তর সম্পাদক মইনুল হক।
কার্যনির্বাহী সদস্যপদে বিজয়ীরা হলেন মাহফুজ সিদ্দিকী, রাজা সিরাজ, মনিরুল ইসলাম, শফিকুল আলম, সিরাজুল ইসলাম, রেজাউল করিম, মুজাহিদ সামিউল্লাহ, সুরাইয়া রহমান ও রাহাত সাইফুল।
প্রথম আলোকে নবনির্বাচিত সভাপতি আবদুর রহমান বলেন, ‘আগামী বছরের এপ্রিলে এই সংগঠনের ৫০ বছর হবে। বর্ণাঢ্য আয়োজনে আমরা তিন দিনব্যাপী তা উদ্‌যাপন করতে চাই। চলচ্চিত্র সাংবাদিকতার সঙ্গে যুক্ত সবার জন্য এটা গৌরবের ব্যাপার। সবাইকে নিয়ে এটি আমরা উদ্‌যাপন করব। বাচসাসকে আরও শক্তিশালী সংগঠনে পরিণত করার জন্য সবাইকে পাশে চাই।’
বাচসাস এবারের নির্বাচনে ২১ পদের বিপরীতে অংশ নিয়েছেন ৪২ প্রার্থী।