বাচ্চুর ব্যস্ততা এখন নতুন গানে
বাংলাদেশের ‘রক লিজেন্ড’খ্যাত সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু গত তিন মাসে নিজের স্টুডিও এবি কিচেনে অনেকগুলো নতুন গান তৈরি করেছেন এবং প্রতিদিন তা-ই করে যাচ্ছেন। আইয়ুব বাচ্চুর ভাষায়, ‘এখন আমার ব্যস্ততা নতুন নতুন গান আর ইনস্ট্রুমেন্টাল তৈরি করা নিয়ে। গত তিন মাসে অনেকগুলো নতুন গান তৈরি করেছি। প্রতিদিন চেষ্টা করছি মিউজিক্যাল নতুন কিছু করতে।’ আইয়ুব বাচ্চুর রেকর্ডিং স্টুডিও এবি কিচেনে এরই মধ্যে জমা হয়েছে অসংখ্য নতুন গান ও ইনস্ট্রুমেন্টাল। তাহলে কি নতুন কোনো অ্যালবাম শ্রোতাদের উপহার দিতে যাচ্ছে এলআরবি? এমন প্রশ্নে আইয়ুব বাচ্চু বলেন, ‘কোনো ধরনের অ্যালবাম প্রকাশেরই পরিবেশ এখন আর নেই। তা ছাড়া, আমি নিজেও অ্যালবাম প্রকাশের কথা ভেবে এখন এত গান তৈরি করছি না। মনের তাগিদে নতুন গান তৈরি করছি। পাশাপাশি ভবিষ্যতে গান পরিবেশনের ক্ষেত্রে নতুন কোনো উপায় খুঁজে পাওয়া যায় কি না, সেটাই দেখছি।’ স্টেজ শোর ব্যস্ততা প্রসঙ্গে বাচ্চু বলেন, ‘গত কয়েক মাসে অসংখ্য স্টেজ শো করতে হয়েছে। রোজার আগের দিনও স্টেজ নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে আমাদের। এরই পাশাপাশি নতুন নতুন গান তৈরি করছি। রোজার মাসে স্টেজ শোর ব্যস্ততা খুব একটা থাকে না। ঈদের পর আবার পুরোদমে স্টেজ শো নিয়ে ব্যস্ত হয়ে পড়বে এলআরবি।’আইয়ুব বাচ্চু এখন এসএ টিভির রিয়েলিটি শো ‘বাংলাদেশি আইডল’-এর বিচারক হিসেবেও ব্যস্ত সময় পার করছেন। বেশ কিছুদিন বিরতির পর এ মাসের শেষ দিকে আবার শুরু কবে এই রিয়েলিটি শোর শুটিং।