বাজছে অস্কারের দামামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডলবি থিয়েটারের বাইরে চলছে লালগালিচা স্থাপনের কাজ
ডলবি থিয়েটারের বাইরে চলছে লালগালিচা স্থাপনের কাজ

অস্কারের সোনালি মূর্তি সটান দাঁড়িয়ে। সেটাকে আরও ঝলমলে করতে চলছে জোরদার চেষ্টা। খুলে গেছে সুবিশাল লালগালিচার ভাঁজ। সেটা ঠিকঠাক বসাতে গলদঘর্ম হচ্ছেন কর্মীরা। এই লালগালিচা বেয়েই হেঁটে যাবেন তারকা-মহাতারকারা। ২৮ ফেব্রুয়ারি কেউ হাসবেন, কেউ বা অশ্রু লুকাবেন খুব গোপনে। আরও একবার সেসব স্বর্ণোজ্জ্বল মুহূর্ত দেখার অপেক্ষায় আছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার। ৮৮তম অস্কার আসরের এই প্রাণকেন্দ্র সরগরম অস্কার পুরস্কার অনুষ্ঠানের জোর প্রস্তুতিতে।
হলিউডের বাইরের সারা দুনিয়ায়ও জল্পনা-কল্পনা তুঙ্গে। লিওনার্দো ডিক্যাপ্রিওর হাতে সত্যিই কি উঠবে অস্কার? নাকি আবারও ভাগ্যহতদের তালিকাতেই থেকে যাবেন টাইটানিক ছবি দিয়ে বিশ্বজোড়া দর্শকদের মন জিতে নেওয়া এই অভিনেতা? সেসব চেনা উত্তেজনা-উৎকণ্ঠার সঙ্গে এবারে অস্কারে যুক্ত হয়েছে এক ‘বিব্রতকর’ প্রসঙ্গও। শ্বেতাঙ্গ আধিপত্যের অভিযোগে এবারের অস্কার বিদ্ধ হয়েছে আগেই। ঘটে গেছে অভিনেতা-অভিনেত্রীদের অস্কার বর্জনের ঘোষণার মতো ঘটনাও। সেই সমস্যা লাঘবের চেষ্টাও সম্ভবত চলছে একাডেমির তরফ থেকে। তারই আঁচ পাওয়া যাচ্ছে অস্কারের আয়োজক একাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সের পাঠানো সাম্প্রতিক সংবাদ বিজ্ঞপ্তিগুলোতে।
অস্কারের উপস্থাপকদের সঙ্গে এবার মঞ্চে দেখা যাবে বর্ষীয়ান কৃষ্ণাঙ্গ অভিনেতা মরগান ফ্রিম্যান ও গায়ক জন লেজেন্ডেকেও। জে জে আব্রামস ও সাশা ব্যারন কোয়েনের সঙ্গে অস্কারের মঞ্চে উঠবেন তাঁরাও। পরিবেশনায় বা উপস্থিতিতে ৮৮তম অস্কারের মঞ্চ উজ্জ্বল করবেন—এমন তারকাদের মধ্যে থাকছেন কেট ব্ল্যানচেট, জারেড লেটো, রাসেল ক্রো, বেনিসিও ডেল টোরো ও রায়ান গসলিং। এবারের অস্কার মঞ্চে থাকছেন আমাদের উপমহাদেশের একজন প্রতিনিধিও। তিনি বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
প্রথম আলোকে পাঠানো এ সপ্তাহের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে একাডেমির কর্তারা বলেছেন, ‘এ বছরের অনুষ্ঠানে আমরা চলচ্চিত্রে নানান ঘরানার মানুষের অবদানের প্রতিফলন রাখতে চাই। প্রেজেন্টারদের তালিকায় নতুন নামের সংযুক্তি তারই প্রমাণ।’ একাডেমির এই তড়িঘড়ি উদ্যোগে কতটা চিড়ে ভিজল, সেটা বোঝা যাবে অচিরেই।