পর পর কয়েকটি ফ্লপ, অথচ গত বছরের রোজার ঈদ সালমান খানের জন্য চূড়ান্ত সাফল্য বয়ে এনেছিল। ওয়ান্টেড সুপার ডুপার হিট। অতঃপর আবারও হিটের খরা। অপেক্ষা আরেক রোজার ঈদের। হ্যাঁ, এবারের ঈদেও মুক্তি পাচ্ছে সালমান খানের ছবি দাবাং। বলা হচ্ছে, দাবাং নাকি ওয়ান্টেড-এর সিকুয়্যাল। একই নায়ক, একই সংগীত পরিচালক (সাজিদ ওয়াজিদ), ছবির ধাঁচও একই—ঢিসুমঢুসুম। অর্থাৎ এবারের ছবিটিও সম্পূর্ণ অ্যাকশনধর্মী। ওয়ান্টেড-এ সালমান প্রথমবারের মতো জুটি বেঁধেছিলেন আয়শা টাকিয়ার সঙ্গে। এবারের ছবিতেও প্রথমবারের মতো নায়ক হয়েছেন সোনাক্ষী সিনহার। তবে এসব তুলনা আমলেই আনতে চান না ছবির পরিচালক অভিনব কশ্যাপ। কারণ এবারের ছবিতে সালমান কুখ্যাত পুলিশ অফিসার। ওয়ান্টেড-এর প্রমো গান মুক্তির আগে পাত্তাই পায়নি। তুলনায় দাবাং-এর প্রমো ব্লকবাস্টার হিট। ছবির অ্যালবামের কাটতিও লক্ষযোগ্য। ওয়ান্টেড দিয়ে অভিষেক হয়েছিল পরিচালক প্রভু দেবার। দাবাং-এর পরিচালক অভিনব কশ্যাপও প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালনায় নাম লেখালেন। আগামী ১০ সেপ্টেম্বর দাবাং মুক্তির তারিখ দেখে প্রযোজক করণ জোহর তাঁর ছবি উই আর ফ্যামিলি মুক্তির তারিখ আট দিন এগিয়ে এনেছেন। নিজেই স্বীকার করেছেন তা। এমনকি ১০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত রজনীকান্তের রোবট ছবির মুক্তির তারিখও দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। করণ জোহরের দাবি, নিজেরা নিজেরা মারামারি করে লাভ নেই। পুরো ইন্ডাস্ট্রির উপকারের কথা আমাদের চিন্তা করা উচিত। আজ মুক্তি পাচ্ছে উই আর ফ্যামিলি। করণ অবশ্য এ ছবিটিকেও ঈদের ছবি বলে চালিয়ে দিতে চাইছেন। এখনকার প্রযোজকেরা এক পা ফেলার আগে শতবার ভাবেন। এই শত ভাবনার ফসলই বলে, দাবাং (বাজেট ৪০ কোটি) ও উই আর ফ্যামিলি (বাজেট ২০ কোটি) মুক্তির আগেই প্রযোজক আরবাজ খান ও করণ জোহর তাঁদের মূলধন তুলে এনেছেন। ছবি মুক্তির পর যতটুকু অর্জন, সবই লাভের খাতায় জমা হবে।দাবাং-এর ধরন-ধারণ নাকি গাই রিচির ছবিগুলোর সঙ্গে মেলে। তবে পরিচালকের বক্তব্য, ছবির কাহিনি সম্পূর্ণটাই আমাদের কাহিনিকারের মস্তিষ্কপ্রসূত। করণ জোহর অবশ্য তেমনটি শুরু থেকেই দাবি করছেন না। উই আর ফ্যামিলি নামটি রাখা হয়েছে এক মাস আগে। এর আগে দুই বছর ধরে সবাই এ ছবিকে চিনেছিলেন স্টেপ মম রিমেক হিসেবে। হলিউড ক্লাসিক স্টেপ মম (সুজান স্যারান্ডন, জুলিয়া রবার্টস, ইডি হ্যারিস) নিয়ে বাংলাদেশেও দুই প্রান্তে (সুবর্ণা মুস্তাফা, হুমায়ুন ফরীদি, বিপাশা হায়াত) টেলিছবি নির্মিত হয়েছিল। এবার বলিউডের পর্দায় স্টেপ মমকে নিয়ে আসছেন প্রযোজক করণ জোহর। দাবাং-এর মতো এ ছবির পরিচালকও নতুন—সিদ্ধার্থ মালহোত্রা। করণ ও যশ রাজদের অনেক ছবির সহকারী পরিচালক। ছবিতে কাজল-কারিনা নয় বছর পর অভিনয়যুদ্ধে শামিল হচ্ছেন। তাঁদের নায়ক হিসেবে জন এব্রাহাম ছিলেন পরিচালকের প্রথম পছন্দ। কিন্তু নায়িকাদের চরিত্রের ব্যাপ্তি বেশি—এই অজুহাত দেখিয়ে জন হয়েছেন ‘আউট’, ‘ইন’ হয়েছেন অর্জুন রামপাল। দুই নায়িকার সঙ্গে অর্জুনের এটাই প্রথম ছবি। একটা সময় ছিল, কারিনা অর্জুনকে ‘অভিব্যক্তিহীন অভিনেতা’ হিসেবে পত্রিকা মারফত গালমন্দ করতেন। সময় বদলেছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার এখন অর্জুনের শোকেসে, যা কাজল-কারিনার এখনো অধরা। শঙ্কর-এহসান-লয় ছবির সংগীত পরিচালনার দায়িত্বে, তবে এখন পর্যন্ত ছবির অডিও অ্যালবাম ফ্লপ।অবশ্য হিট-ফ্লপ নিয়ে খুব একটা ভাবেন না কাজল। দীর্ঘ বিরতির আগে এটাই তাঁর শেষ ছবি। এলভিস প্রিসলিকে নিয়ে ছবির একটি গান শুটিংয়ের সময়ই কাজল জানতে পারেন, তিনি আবারও মা হতে যাচ্ছেন। নৃত্য পরিচালককে কাজলের জন্য নতুন নাচের স্টেপ ভাবতে হয়। সবকিছু যখন ঠিক, তখন সবাই জানতে পারেন, ছবিতে কাজলের সবচেয়ে ছোট মেয়েটির জলবসন্ত হয়েছে। কাহিনি বদলে ফেলতে হয় মুহূর্তেই। তাও মানিয়ে নেওয়া হচ্ছিল। কিন্তু শুটিংয়ের আগের দিন যখন হলিউড থেকে একটি উড়ো চিঠি আসে, তখন সবাই বাধ্য হয় মুষড়ে যেতে। চিঠিতে উল্লেখ করা হয়, এলভিস প্রিসলির কোনো গানের কথা, নাচের স্টেপ, ছবি কোনো চলচ্চিত্রে ব্যবহার করা যাবে না। বাধ্য হয়ে গানের কথা পরিবর্তন করে সেই সুরের ওপর নতুন গান তৈরি করতে হয়। উই আর ফ্যামিলির প্রচার করার জন্য টুইটার থেকে শুরু করে সংবাদ সম্মেলন পর্যন্ত হানা দিচ্ছেন করণের বন্ধু শাহরুখ। সালমানের ‘কথিত’ শত্রু নাকি চান, সালমানের চেয়েও করণের ছবিটি বেশি সফলতা পাক। সালমান-শিবিরের অবশ্য আত্মবিশ্বাসটা বেশি। দাবাং নাকি অতীতের সব রেকর্ড ভেঙে দেবে! দেখা যাক, ঈদের অছিলায় কারা এবার জ্যোতিষী হিসেবেও নিজেদের নাম সুপ্রতিষ্ঠিত করতে পারেন! রুম্মান রশীদ খানতথ্যসূত্র: ওয়েবসাইট