বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতি খাতে জাতীয় বাজেটের এক শতাংশ বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। খাতটির উন্নয়ন ও বিকাশে কিছু সুনির্দিষ্ট প্রস্তাবও দিয়েছে সংগঠনটি। আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে এক সংবাদ সম্মেলনে এ দাবি ও প্রস্তাব তুলে ধরেন জোটের নেতারা।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন। তিনি বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি হলেও সংস্কৃতির বিকাশ ও লালনে প্রত্যাশিত সাফল্য আসেনি। দেশের সংস্কৃতিচর্চা রাজধানীর সীমিত অঞ্চল ও জেলা শহরগুলোতে সীমাবদ্ধ। সংস্কৃতি ক্ষেত্রের সংকট দূর করে সাংস্কৃতিক জাগরণ তৈরির জন্য জোটের পক্ষ থেকে ইতিপূর্বে ২১ দফা দাবি তুলে ধরা হলেও তা বাস্তবায়নে কোনো সরকারি উদ্যোগ দেখা যাচ্ছে না।

জোটের সভাপতি বলেন, এবারের প্রস্তাবিত বাজেটে শূন্য দশমিক ১২ শতাংশ সংস্কৃতি খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। এটাকে অপ্রতুল দাবি করে বাজেটের এক শতাংশ সংস্কৃতি খাতে বরাদ্দের দাবি জানান তিনি।

গোলাম কুদ্দুছ বলেন, সক্রিয় সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য গত বছর সরকারের বরাদ্দ ছিল তিন কোটি টাকা। আগের বছর এই বরাদ্দ ছিল সাড়ে তিন কোটি টাকা।

সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য বরাদ্দ কমে যাওয়া সরকারের নীতিমালার সঙ্গে সংগতিপূর্ণ নয় মন্তব্য করে জোট সভাপতি এবারের প্রস্তাবিত বাজেটে এই বরাদ্দ ১০ কোটি টাকা করার দাবি জানান।

সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবিলায় সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে দেশব্যাপী কর্মসূচি পরিচালনার জন্য জাতীয়ভিত্তিক সংগঠনগুলোকে ১২ কোটি টাকা বরাদ্দ দেওয়ারও দাবি জানানো হয়।

তৃণমূলে সাংস্কৃতিক বিকাশে উপজেলা পর্যায়ে শিল্পকলা একাডেমি গঠন, মিলনায়তন নির্মাণ, মুক্তমঞ্চ তৈরি, প্রশিক্ষক ও প্রয়োজনীয় লোকবল নিয়োগে বাজেটে বরাদ্দ রাখার দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

এ ছাড়া জেলা শিল্পকলা একাডেমিগুলোতে বিভিন্ন বিষয়ে স্থায়ী শিক্ষক নিয়োগ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য বরাদ্দ বাড়ানোর দাবি জানানো হয়।

রাজধানীর মিরপুর, উত্তরা, যাত্রাবাড়ীসহ বিভিন্ন অঞ্চলে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য অন্তত ১০টি আধুনিক মিলনায়তন নির্মাণে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জোটের সভাপতি।

বিদেশ থেকে অবাণিজ্যিক ভিত্তিতে সাংস্কৃতিক দল আনার ক্ষেত্রে জটিলতা দূর করার দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।

আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটের সভাপতি নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা অবকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ চাই। সরকার সংস্কৃতির ক্ষেত্রে অবকাঠামোতে বিনিয়োগ করবে এবং সংগঠনগুলো সীমিত অর্থের বিনিময়ে সেসব অবকাঠামো ব্যবহার করে সংস্কৃতিচর্চা চালিয়ে যাবে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর, পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, জোটের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান।