বাজেটের অন্তত ১ শতাংশ হোক সংস্কৃতির
অসাম্প্রদায়িক চেতনা গঠন, অন্ধত্বের বিরুদ্ধে লড়াই, পশ্চাৎপদ চিন্তার বিরুদ্ধে বিজ্ঞানমনস্ক আধুনিক মানুষ গড়ে শুদ্ধ সংস্কৃতি। অথচ জাতীয় বাজেটে দেখা যায় সংস্কৃতি মন্ত্রণালয় সবচেয়ে উপেক্ষিত। দেশের সংস্কৃতি অঙ্গনের সুধীজনেরা মনে করেন, জাতিকে এগিয়ে নেওয়ার জন্য সংস্কৃতি ও শিক্ষাকে এগিয়ে নিতে হবে। এ জন্য জাতীয় বাজেটের অন্তত ১ শতাংশ বরাদ্দ দিতে হবে সংস্কৃতিতে।
৩ জুন ঘোষিত হবে ২০২১–২২ অর্থবছরের বাজেট। বাজেট ঘোষণার আগে এমনটাই দাবি তুলেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। সংস্কৃতি খাতের বরাদ্দ নিয়ে চিন্তিত এই অঙ্গনের মানুষ। তাঁদের অনেক দিনের দাবি, মোট বাজেটের ন্যূনতম ১ শতাংশ বরাদ্দ যেন সংস্কৃতির জন্য রাখা হয়। কেউ কেউ বলছেন, সেটি ২ শতাংশ হলে আরও ভালো হয়।
নাট্যজন রামেন্দু মজুমদার জানান, প্রতিবছরই এ দাবি করে আসছেন তাঁরা। কিন্তু পূরণ হয় না। এ যেন অরণ্যে রোদন। তবু আশাবাদী তাঁরা। কয়েক বছর ধরে অতি সামান্য করে হলেও এ খাতের বরাদ্দ বাড়ছে, যদিও তা অন্য খাতগুলোর তুলনায় খুবই নগণ্য। তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন বলে আসছি, দেশের মোট বাজেটের ১ শতাংশ যেন সংস্কৃতির জন্য রাখা হয়। জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা রুখতে যদি দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হয়, তাহলে প্রগতিশীল ও মানবতাবাদী সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই। এ জন্য সংস্কৃতি খাতের বাজেটটি একটু বড় হওয়া দরকার।’
রামেন্দু মজুমদার মনে করেন, প্রতিটি উপজেলায় অন্তত একটি করে মুক্তমঞ্চ দরকার, যেখানে নিয়মিত নাটক, গান, নৃত্য ও আবৃত্তিচর্চা হবে। সেখানে সংস্কৃতিকেন্দ্রের মতো একটি জায়গা থাকবে, যেখানে সংস্কৃতিকর্মীরা মিলিত হবেন।
জেলা–উপজেলার সাংস্কৃতিক সংগঠনগুলোকে প্রণোদনা দিতে হবে। তাহলেই প্রান্তিক পর্যায়ে সাংস্কৃতিক জাগরণ ঘটবে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ মনে করেন, সংস্কৃতি খাতের এই বরাদ্দ দিয়ে সাংস্কৃতিক জাগরণ সম্ভব নয়। মুখে বলি, সংস্কৃতি একটি জাতির পরিচয় বহন করে। বাস্তবে জাতির এই মন্ত্রণালয়টি সবচেয় উপেক্ষিত। জাতীয় বাজেটের অন্তত ১ শতাংশ এ খাতে বরাদ্দ দিতে হবে। তিনি বলেন, ‘সংস্কৃতির ব্যাপারে আমাদের চিন্তার পরিধি বাড়াতে হবে। একটি উপজেলায় কমপক্ষে পাঁচ-ছয় লাখ লোক বাস করে। তাদের জন্য সরকারের প্রথম শ্রেণির ২৭-২৮ জন কর্মকর্তা আছেন। অথচ সেই এলাকার মানুষের সংস্কৃতিচর্চার প্রশিক্ষক নেই। আমরা বলছি, স্থায়ী শিল্পকলা কর্মকর্তা ও প্রশিক্ষক দিতে হবে। সংগীত, আবৃত্তি, নৃত্য, চারুকলা ও নাটকের জন্য পাঁচজন করে লোক নিয়োগ করতে হবে। স্থানীয় ক্লাবগুলোকে সাংস্কৃতিক সংগঠনে পরিণত করার উদ্যোগ নিতে হবে, বাজেট দিতে হবে। শিশু সংগঠন গড়ে তুলতে হবে, পৃষ্ঠপোষকতা দিতে হবে। নয়তো মাদক, অপসংস্কৃতি, অ্যান্ড্রয়েড ফোনের গ্রাসে অসুস্থ প্রজন্ম গড়ে উঠবে।’
অক্সিজেন যেভাবে মানুষকে ঘিরে রাখে, কিন্তু দেখা যায় না, সংস্কৃতিও তেমন, বললেন নাট্যজন মামুনুর রশীদ। তিনি মনে করেন, ‘জাতীয় বাজেটের ২ শতাংশ সংস্কৃতির জন্য বরাদ্দ থাকা উচিত। তিনি বলেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মপরিধি সংকুচিত। এর অধীন শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি ও বাংলা একাডেমির মূল কাজ হয়ে গেছে অনুষ্ঠান আয়োজন ও টুকটাক প্রশিক্ষণ দেওয়া। একাডেমিগুলোর দায়িত্ব হচ্ছে শিল্প-সাহিত্যকে উৎসাহিত করা, নিজেদের অনুষ্ঠান করা নয়।’
প্রতারণা, দুর্নীতি থেকে মানুষকে দূরে রাখা এবং নীতিমান করে তোলার জন্য সংস্কৃতি বড় ভূমিকা রাখে। এ প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে বক্তৃতা দিয়ে কাজ হয় না। সাহিত্য পড়া, গান শোনা, ভালো চিত্রকলা দেখা, মহৎ মানুষকে অনুসরণ করা, ভালো নাটক ও চলচ্চিত্র দেখার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধির পথ বেছে নেবে। তাই যেকোনো উন্নত দেশে ভালো শিল্পকর্মকে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা দেয়। ভারত উচ্চাঙ্গসংগীত, চলচ্চিত্র, নাটক, চারুশিল্প, কুটিরশিল্প, ভাস্কর্যে রাষ্ট্রীয়ভাবে অর্থসহায়তা দেয়। রাষ্ট্র জানে শিল্পের সঙ্গে সার্বক্ষণিকভাবে যুক্ত কর্মীদের চাকরি করে জীবিকা নির্বাহ সম্ভব নয়। তাই তাঁদের মাসিক বেতন দেয়। বাংলাদেশেও আমরা সেটা চালুর চেষ্টা করে আসছি।’
রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে, বাংলাদেশ এখন পৃথিবীর সবখানেই নিজের মতো করেই পরিচিত হচ্ছে, এটা ভালো। তবে আমাদের দেশের সংস্কৃতিকে আরও বেগবান করতে সংস্কৃতির বাজেট বাড়ানো উচিত।’ তিনি মনে করেন, যাঁরা পেশা হিসেবে সংস্কৃতিচর্চাকে বেছে নিয়েছেন, তাঁদেরও প্রণোদনা দেওয়া উচিত। করোনার কারণে মাঠপর্যায়ের অনেক সংস্কৃতিকর্মীর অবস্থা শোচনীয়।
সংস্কৃতির বড় জায়গাজুড়ে রয়েছে চলচ্চিত্র। এর সঙ্গে জড়িত মধুমিতা মুভিজের কণর্ধার ইফতেখার উদ্দিন নওশাদ মনে করছেন, চলচ্চিত্র শিল্প হিসেবে ঘোষিত হয়েছে ঠিকই, বাস্তবায়িত হয়নি। প্রেক্ষাগৃহের আধুনিক যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে ট্যাক্স ফ্রি করে দিতে হবে অন্তত পাঁচ বছরের জন্য। সত্যিকারের প্রযোজকদের কম সুদে ঋণ দিতে হবে। সরকারি বহু জায়গা এখনো পড়ে আছে। চলচ্চিত্রপ্রেমী হল মালিকদের ডেকে হল করার জন্য আগের দামে তাঁদের হাতে এগুলো তুলে দিতে হবে। এসব করলে শিল্পটা বাঁচবে। এ ছাড়া প্রতিটি উপজেলায় একাধিক সিনেপ্লেক্স বানানোর সরকারি যে উদ্যোগ, সেটা বাস্তবায়ন করতে হবে।