
মাধ্যম হিসেবে ব্লেডকে অনেক দিন থেকেই ব্যবহার করছেন শিল্পী তৈয়বা বেগম লিপি। গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে শুরু হয়েছে তাঁর একক শিল্পকর্ম প্রদর্শনী। এ প্রদর্শনীতে এবার মাধ্যম হিসেবে আছে সেফটিপিনও।
কেন?
শিল্পী বললেন, অনেকটা অবচেতন মন থেকেই। ব্লেড বা সেফটিপিন আমাদের সবার জীবনের সঙ্গেই জড়িয়ে আছে। নখ কাটার জন্য ব্লেড লাগত। জ্যামিতি বক্সেও একটা ব্লেড থাকত। সব কাজের একটা হাতিয়ার আরকি। যেটা বেশি মনে পড়ে, ছেলেবেলায় দেখতাম, কারও বাচ্চা হওয়ার সময় ব্লেড গরম করা হতো। এটা করা হতো মা থেকে বাচ্চাকে আলাদা করার জন্য।
এটি তো নারীত্বের একটি শক্তিই। ব্লেড ও সেফটিপিন দিয়ে তৈরি ব্যাগ, জুতা, বাথটাব, সেলাই মেশিন, ব্লাউজ, অন্তর্বাস—নারীর নিত্য ব্যবহারের জিনিসপত্র গ্যালারির বিভিন্ন জায়গায়।
প্রদর্শনীর উদ্বোধক সমাজকর্মী খুশী কবিরের কাছে ব্লেড ব্যবহারের অর্থ অবশ্য অন্য রকম। তিনি বলেন, ব্লেড একটি পুরুষালি অস্ত্র। একই সঙ্গে এটি সন্ত্রাসের প্রতীকও। কিন্তু শিল্পী এর রূপান্তর কী সুন্দর করেই না করেছেন। তাঁর সঙ্গে যৌথভাবে প্রদর্শনীটি উদ্বোধন করেন জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিঞ্জ।
এখানে এই প্রথম শিল্পীর আঁকা ২০টির মতো রেখাচিত্র প্রদর্শিত হচ্ছে। দুটি ভিডিও উপস্থাপনাও আছে সঙ্গে।
প্রদর্শনী চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। এর নাম ‘নো ওয়ান হোম’ কেন?
প্রথম আলোকে শিল্পী বললেন, গ্যালারিতে এসে দর্শকের মনে হবে, একটি মানুষের ব্যবহারের জিনিসপত্র এখানে আছে। বাড়ির সব আলোও জ্বলছে। কিন্তু আসল মানুষটিই নেই। তাই অমন নাম—বাড়িতে কেউ নেই।