বাণিজ্য মেলায় বঙ্গবন্ধুর ওপর লাইট অ্যান্ড সাউন্ড শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর ‘লাইট অ্যান্ড সাউন্ড শো’র আয়োজন করা হয়েছে। আর তা দেখানো হচ্ছে ‘বঙ্গবন্ধুর সঙ্গে কিছুক্ষণ’ প্যাভিলিয়নে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর আর্থিক সহযোগিতায় এই আয়োজনটি করেছে ক্রিয়েশনস আনলিমিটেড। এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা নসিরুল হক বললেন, ‘ঢাকায় আমরা বিভিন্ন ভাবনার ওপর অনেকগুলো লাইট অ্যান্ড সাউন্ড শোর আয়োজন করেছি। কিন্তু এবার একটু ব্যতিক্রম। এবার বঙ্গবন্ধুকে নিয়ে লাইট অ্যান্ড শো করছি। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ছয় দফাকে মাথায় রেখে ষড়জ বাহু ভাবনায় আমরা প্যাভিলিয়নটি তৈরি করেছি। এখানে এক অংশে থাকছে বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ের দুর্লভ কিছু আলোকচিত্র; অন্য অংশে লাইট অ্যান্ড সাউন্ড শো। এটি তৈরি করতে আমাদের এক মাস প্রস্তুতি নিতে হয়েছে।’ নসিরুল হক জানান, এই লাইট অ্যান্ড সাউন্ড শোর জন্য পাঁচটি মাল্টিমিডিয়া পর্দা ব্যবহার করা হচ্ছে। আর তা একসঙ্গে উপভোগ করতে পারছেন ৫০ জন দর্শক। প্রতিটি লাইট অ্যান্ড সাউন্ড শোর দৈর্ঘ্য ২২ মিনিট। মেলা চলাকালে প্রতি ১৫ মিনিট বিরতির পর শুরু হয় শোটি। ১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন প্যাভিলিয়নটি।