আমদানি নীতিমালার আওতায় দেশে ভারতীয় চলচ্চিত্র আনার অনুমতি না দেওয়ার জন্য বাণিজ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন চলচ্চিত্রশিল্পী ও কলাকুশলীরা। গতকাল মঙ্গলবার সকালে চলচ্চিত্রশিল্পী ও কলাকুশলীদের একটি প্রতিনিধিদল বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সঙ্গে দেখা করেন। বাংলাদেশের চলচ্চিত্রশিল্পকে রক্ষা করার জন্য ভারতীয় চলচ্চিত্র আনার অনুমতি না দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।চলচ্চিত্র প্রতিনিধিদলে ছিলেন চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সহসভাপতি খসরু, সহসাধারণ সম্পাদক লিটন, শিল্পী সমিতির সভাপতি মিজু আহমেদ, সাধারণ সম্পাদক রুবেল, পরিচালক সমিতির সভাপতি শওকত জামিল ও কিরণ, চিত্রগ্রাহক সংস্থার সভাপতি আবদুল লতিফ, এডিটর গিল্ডসের সভাপতি আবু মুসা দেবু প্রমুখ।বৈঠক শেষে চলচ্চিত্র প্রতিনিধিদলের নেতারা জানান, বাণিজ্যমন্ত্রী তাঁদের বক্তব্য শুনেছেন। বাংলাদেশের চলচ্চিত্রের ক্ষতি হয়—এমন কোনো সিদ্ধান্ত না নেওয়ার ব্যাপারে তিনি সবাইকে আশ্বাস দিয়েছেন।খসরু বলেন, ‘আমরা বাংলাদেশের চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থেই ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি না দেওয়ার অনুরোধ করেছি। মন্ত্রী বিষয়টি ইতিবাচকভাবেই বিবেচনা করবেন বলে আমাদের কথা দিয়েছেন।’এদিকে তথ্য মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ভারতীয় চলচ্চিত্র আমদানি করার অনুমতি না দিতে বাণিজ্য মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করেছেন। জানা গেছে, এখন বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করা হবে।