বাণিজ্যিক ছবিতে কাজ করতেও আপত্তি নেই: বাঁধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁধন
বাঁধন

অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন। বর্তমানে ব্যস্ত সময় পার করছেন একাধিক ধারাবাহিক নাটকে অভিনয় নিয়ে। সাম্প্রতিক কাজ ও ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেছেন এই লাক্স তারকা।
এ মুহূর্তে কী কাজ করছেন?
দুটি সিরিয়ালে অভিনয় করছি। ইদ্রিস হায়দার পরিচালিত ‘পালঙ্ক’ এবং মাইনুল হাসান খোকনের ‘জীবনের গল্প’। ‘পালঙ্ক’ সিরিয়ালে আমি জমিদারবাড়ির বউয়ের চরিত্রে অভিনয় করছি। ‘জীবনের গল্প’ সিরিয়ালে আমার মায়ের চরিত্রে অভিনয় করছেন দিতি আপা। কাজটা অনেক ভালো হচ্ছে।
‘নিঝুম অরণ্য’ চলচ্চিত্রের পর আপনাকে এ অঙ্গনে আর দেখা যায়নি কেন?
আসলে আমি আমার পড়াশোনা ও ব্যক্তিগত কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। আর চলচ্চিত্রে ভালো কোনো চরিত্রে অভিনয়ের প্রস্তাবও পাইনি। তবে চলচ্চিত্রে অভিনয়ের জন্য আমি এখন পুরোপুরি প্রস্তুত। আমার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই যেকোনো ধরনের ভালো চরিত্রে কাজ করার প্রস্তাব পেলে আমি আবার বড় পর্দায় অভিনয় করব। বাণিজ্যিক চলচ্চিত্রে কাজ করতেও আপত্তি নেই।
কোন ধরনের চরিত্রে কাজ করতে ভালো লাগে?
যেকোনো ধরনের চরিত্রেই কাজ করতে আমার ভালো লাগে। কিন্তু আমি যেরকম, নির্মাতারা সেরকম চরিত্রেই আমাকে নিতে পছন্দ করেন। আমি শুধু ঘরের বউ অথবা লক্ষ্মী প্রেমিকা চরিত্রে অভিনয়ের বাইরে আরও অনেক ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চাই। গ্রামের মেয়ে, অন্ধ, বোবা, এমনকি যৌনকর্মী চরিত্রে অভিনয় করতেও ইচ্ছে করে আমার। 
নাটক ও টেলিছবির কাজের খবর কী?
আপাতত করছি না। তবে খুব শিগগির ঈদের নাটকের কাজ শুরু করব।
আপনার অভিনীত প্রথম নাটক?

হুমায়ূন আহমেদের ‘বুয়া বিলাস’। অনেক উচ্ছ্বসিত ছিলাম নাটকটিতে অভিনয় করার সময়। সবাই অনেক সহযোগিতা করেছিল।

আপনার মেকওভার সেলুন গ্লিমার সম্পর্কে কিছু বলুন।

আসলে আমি খুব ছোটবেলা থেকেই সাজগোজ অনেক পছন্দ করি। বাসার যেকোনো অনুষ্ঠানে আমি সবাইকে সাজিয়ে দিতাম। এমনকি লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময়ও অন্য মেয়েদের আমি সাজিয়ে দিতাম। সাজানোর কাজটা আমার কাছে খুব ভালো লাগে। মূলত এ কারণেই মেকওভার সেলুন খুলেছি।

কোন পরিচয় দিতে ভালো লাগে?

আমার প্রথম পরিচয় আমি একজন মা। তারপর অভিনেত্রী।

বাঁধনের সাফল্যের মন্ত্র কী?

অনেক সততার সঙ্গে কাজ করতে হবে। সততার সঙ্গে পরিশ্রম করে গেলে সফলতা একদিন আসবেই।