বাণিজ্যিক ছবির সঙ্গে টেলিছবি মিশে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ সপ্তাহে তিনটি গানের অনুষ্ঠানের আলোচনা দিয়ে আমরা শুরু করব এবারের টিভি সমালোচনা।

২৩ ফেব্রুয়ারি রাত ১১টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচারিত হলো সরাসরি গানের অনুষ্ঠান ‘মিউজিক এন রিদম’। এবারে শিল্পী ছিলেন ২০০৮ সালের ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার রানারআপ অপু। একটানা প্রায় দেড় ঘণ্টা গান করেছেন তিনি। বিভিন্ন ধরনের গান পরিবেশন করেছেন তিনি এ অনুষ্ঠানে। বিভিন্ন শিল্পীর বিভিন্ন মেজাজের গান। এর মাঝে তাঁর নিজের সুর করা গানও গেয়েছেন। যেমন তাঁর ‘একুশে ফেব্রুয়ারি’ গানটি ছিল অনবদ্য। এ ছাড়া আরবি সুরের প্রভাবে তাঁর আরেকটি গান ‘সাজদা ও সাজদা’ গানটিও হৃদয় ছুঁয়ে গেছে। অন্যদিকে মাকে নিয়ে তাঁর গান ও এন্ড্রু কিশোরের ‘হায় রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলেই ঠুস’ গান দুটিও ভালো হয়েছে। তাঁর কণ্ঠ মিষ্টি ও সুরেলা। গলা খুলে গান করেন, এটিও ভালো। তবে কণ্ঠটি তুলনামূলকভাবে একটু হালকা।

২৩ ফেব্রুয়ারি মাছরাঙা টিভিতে রাত ১১টায় সরাসরি প্রচারিত হলো, কৌশিক শংকরের উপস্থাপনায় মাছরাঙার নিয়মিত অনুষ্ঠান ‘তোমায় গান শোনাব’। এবারে শিল্পী ছিলেন ইউসুফ আহমেদ খান। রাগপ্রধান গানের প্রতি শিল্পীর বিশেষ অনুরাগ, সেটা অনুষ্ঠানজুড়েই বোঝা গেছে। আর এ ক্ষেত্রে তাঁর পারদর্শিতাও প্রমাণিত হয়েছে। তাঁর কিছু কিছু গান দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে। যেমন ‘গানে গানে ঢাকব আমার গভীর অভিমান’ কিংবা ‘সকাল হলো আমার রাতের অবহেলায়’। তাঁর কণ্ঠ পরিষ্কার এবং সুরের সঙ্গে কণ্ঠের খেলাও চমৎকার।

তৃতীয় অনুষ্ঠানটি প্রচারিত হয় ২৪ ফেব্রুয়ারি রাত ১১টায় বৈশাখী টিভিতে ‘সময় কাটুক গানে গানে’। এ অনুষ্ঠানে শিল্পী ছিলেন দিলরুবা খান ও তাঁর মেয়ে শিমুল খান। অনেক দিন পর দিলরুবা খানকে এমন একটি অনুষ্ঠানে পাওয়া গেল। মা-মেয়ে অনেকগুলো দ্বৈত গান পরিবেশন করেছেন। দ্বৈত পরিবেশনা ভালো ছিল। শিমুলের কণ্ঠ ভালো, মায়ের মতো আবেদন জাগে না। আবেগ ও সুরে আরও নিবেদন, অনুশীলন প্রয়োজন। অন্যদিকে দিলরুবা খানের গানগুলো তো ছিল সাড়াজাগানো, কিন্তু এখন যেন সে সুর আর টানতে পারছিলেন না। বয়স এবং সময় কাউকেই ছাড়ে না, শিল্পীকেও নয়, তাঁর গান শুনতে শুনতে সেটাই মনে হচ্ছিল।

এবারে আসি টেলিছবি ও নাটক প্রসঙ্গে। ২৪ ফেব্রুয়ারি রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে মাতিয়া বানু শুকুর রচনা ও মো. রবিউল শিকদারের পরিচালনায় প্রচারিত হলো নাটক মনের গুপ্ত চোর। নাটকে সজল ও মম স্বামী-স্ত্রী। সজল বাক্‌প্রতিবন্ধী চিত্রশিল্পী। অত্যন্ত আবেগপ্রবণ। মম যথেষ্ট ধৈর্যের পরিচয় দেওয়ার পর একসময় ধৈর্য হারান। শুরু হয় মান-অভিমান। বিচ্ছেদ। অতঃপর টানাপোড়েনের মধ্য দিয়ে আবার মিলন। সংলাপ ও অভিনয় ভালোই ছিল। তবে মাঝে মাঝে বাস্তবতা রক্ষিত হয়নি। আর প্রতিবন্ধী হিসেবে সজলের সাজসজ্জা ও অভিনয় মানানসই হয়নি। সজল যে প্রতিবন্ধী, কখনো কখনো তা মনেই হয়নি।

২৩ ফেব্রুয়ারি রাত ১০টা ৪৫ মিনিটে এটিএন বাংলায় তারেক মুহাম্মদ হাসানের রচনা ও পরিচালনায় প্রচারিত হলো টেলিছবি অমাবস্যার জোছনা। গল্পটি এ রকম, নিলয় অফিসে গিয়ে দেখে বসের অনুপস্থিতিতে তাঁর মেয়ে বস সেজে আছে। এরপর শুরু হয় একের পর এক নাটকীয়তা, ফাঁদের পর ফাঁদ। শেষে জানা যায়, এ সবই ছিল তার বসের মেয়ের পরিকল্পনা, তাকে যাচাই করার জন্য। নামটি অতি কাব্যিক, আর গল্পটি অতিনাটকীয়।

আমাদের দেশে টেলিছবির যাত্রা শুরু হয়েছিল বাণিজ্যিক ছবির বিকল্প ধারা হিসেবে। কিন্তু আজকালকার টেলিছবি দেখে মনে হচ্ছে, টেলিছবিও দ্রুত বাণিজ্যিক ছবির সঙ্গে মিশে যাচ্ছে। এ মেশাটা দুধের সঙ্গে ঘোলের মিশ্রণ নয়; বরং বলা যায় ঘোলের সঙ্গেই দুধের মিশ্রণের মতো অপ্রত্যাশিত ও দুঃখজনক।