বাণিজ্যিক সম্প্রচারে সময় টেলিভিশন
গত বছরের ১০ অক্টোবর পরীক্ষামূলক সম্প্রচার শুরু করেছিল সংবাদভিত্তিক স্যাটেলাইট চ্যানেল ‘সময় সংবাদ’। ‘সময়ের প্রয়োজনে সময়’ এই স্লোগানকে ধারণ করে আজ রোববার বিকেল পাঁচটা থেকে আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয়েছে ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক এই টেলিভিশন চ্যানেলটির। এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় বিকেল পাঁচটার সংবাদের মধ্য দিয়ে। এই অনুষ্ঠানে অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। তার পরই থাকছে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। এ ছাড়া সন্ধ্যা সাতটার সংবাদে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে দেশের রাজনীতিবিদ, বিভিন্ন দেশের কূটনীতিক, ব্যবসায়ী, সমাজকর্মী, সাংস্কৃতিককর্মী ছাড়াও নানা শ্রেণী-পেশার লোকজন অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।সময় সংবাদ টেলিভিশনের বার্তা প্রধান তুষার আবদুল্লাহ জানান, সংবাদভিত্তিক এই চ্যানেলটির সবাই তরুণ ও উদ্যমী। আমাদের চেষ্টা থাকবে সর্বশেষ সংবাদটি খুব দ্রুত সময়ের মধ্যে মানুষের কাছে পৌঁছে দেওয়ার।