
শীত বড় নির্মম ঋতু। শীত মানে ঝরা পাতার গান। শীত মানে পুরাতনের ঝরে যাওয়া। আসন্ন শীতে ঝরে যাওয়ার বিরহী সুরের ছোঁয়াচ লেগেছে তারকাদের ব্যক্তিগত জীবনেও। একের পর এক তারকার সম্পর্ক ঝরে যাওয়ার খবর বয়ে নিয়ে আসছে শীতের উত্তরে হাওয়া। শীতবুড়োর কুনজর যেন লেগেছে তারকাদের প্রেমেও!
লিওনার্দো ডিক্যাপ্রিওর অবশ্য শীত-বর্ষা লাগে না। তাঁর হৃদয়ে বসন্তের বাতাস বড় ক্ষণস্থায়ী। সুদর্শন এই অভিনেতা প্রেমের ব্যাপারে বড় ভ্রমরা স্বভাবের। কোনো ফুলে থিতু হওয়া ঠিক ধাতে সয় না তাঁর। ক্রিস্টেন ঝেং, এমা মিলার, জিসেল বুন্ডশেনের মতো মডেলদের জীবনে ‘হে ক্ষণিকের অতিথি’ হয়েই এসেছিলেন তিনি। আরেক মডেল বার রাফায়েলি তাঁকে নিয়ে গিয়েছিলেন নিজের নাড়িপোঁতা শহরেও। কিন্তু তাঁরও নাড়ির স্পন্দন হয়ে থাকেননি ডিক্যাপ্রিও। ব্লেক লাইভলি, এরিন হিথারটনরাও ক্ষণিকের আতিথ্য দিয়েছিলেন মাত্র।
বহু ঘাটে প্রেমের নাও ভিড়িয়ে অবশেষে গত বছর জার্মান মডেল টনি গার্নকে সহযাত্রিনী করেছিলেন ডিক্যাপ্রিও। মনে হচ্ছিল, অবশেষে চল্লিশে পা দিয়ে বুঝি থিতু হতে চললেন। কিন্তু কোথায় কী! এই খবরটাই বলে দিল সব: মিয়ামির এক নৈশক্লাবে টনির সঙ্গে তিনি ঢুকেছিলেন বটে, কিন্তু বের হওয়ার সময় টনি বাদে অন্য আরও ২০ নারী সঙ্গী হয়েছিলেন তাঁর। টনি বের হয়ে গেছেন ডিক্যাপ্রিওর জীবনের বৃত্ত থেকেই।
বৃত্ত নয়, আলাদা হয়ে গেছে ফ্রিদা পিন্টো আর দেব প্যাটেলের প্রেমের সরল রেখাটি। দুজনই ছিলেন অখ্যাতির আঁধারে। দুজনই খ্যাতির ঝলমলে আলোতে এসেছিলেন স্লামডগ মিলিয়নিয়ার ছবি দিয়ে। তখন থেকেই দুজনের প্রেম। কিন্তু অর্ধযুগ একসঙ্গে থাকার পর মাত্র কদিন আগে ভিন্ন দুই পথে হাঁটতে শুরু করলেন দুজনে। দেবের চেয়ে বয়সে ছয় বছরের বড় পিন্টো গত অক্টোবরে ৩০তম জন্মদিনটার কেক কেটেছেন একাই। তখনই গুঞ্জন শুরু হয়, কেক শুধু নয়, সম্পর্কটাও এভাবে কেটে বিচ্ছিন্ন করে ফেলেছেন পিন্টো। ১০ ডিসেম্বর সেই খবরটা নিশ্চিত করা হয় দুজনের পক্ষ থেকেই।
চার্লি শিন আর ব্রেট রোজির গল্পটা আরও করুণ। ফেব্রুয়ারিতে আংটি বদল করেছিলেন। গত নভেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল দুজনের। যেটি হতো শিনের চতুর্থ বিয়ে। কিন্তু বিয়ের সব আয়োজন ভেস্তে গেল। বিয়ের ছাঁদনাতলায় দাঁড়িয়ে ‘আই ডু’ বলার বদলে দুজনে কোরাস গাইলেন ‘উই ডোন্ট’!
বিয়ে ভেস্তে গেছে কেট হাডসন আর ম্যাট বেলামিরও। চার বছরের সম্পর্ক তাঁদের। বাগদান হয়েছে তিন বছর হলো। দুজনের একটা ছেলেও আছে। সুখের সংসার। কিন্তু সুখের লাগিয়া যে ঘর বাঁধা হয়, সেই ঘরই অনলে পুড়ে খাঁক!
তবু দুজনে এই ভেবে সান্ত্বনা পেতে পারেন, তাঁদের তো মোটে চার বছরের সংসার। আন্তোনিও বান্দেরাস আর মেল্যানি গ্রিফিতের ভেঙেছে ১৮ বছরের ঘর! স্প্যানিশ অভিনেতা বান্দেরাস গ্রিফিতকে বিয়ে করেছিলেন ১৯৯৬ সালে। সেটা ছিল তাঁর দ্বিতীয় বিয়ে, গ্রিফিতের তৃতীয়। মনে হচ্ছিল, দুজন যেন দুজনার সাধনসঙ্গী অবশেষে খুঁজে পেয়েছেন। কিন্তু সম্পর্কে সেতু কখন ভাঙে, বলা কঠিন!
শীত সত্যি বড় নির্মম!
রাজীব হাসান
টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে