বাতাসে মুক্তির ঘ্রাণে সেলিম-মৌ
এবারের ঈদে চ্যানেল টোয়েন্টিফোরে প্রচারিত হবে আলভী আহমেদের পরিচালনায় টেলিছবি ‘বাতাসে মুক্তির ঘ্রাণ’। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সাদিয়া ইসলাম মৌ, মিশু সাব্বির, উর্মিলা প্রমুখ। নির্মাতা আলভী আহমেদ জানিয়েছেন, ‘বাতাসে মুক্তির ঘ্রাণ’ টেলিছবির প্রধান দুটি চরিত্র সুমন ও জ্যোতি। এই দুটি চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে শহীদুজ্জামান সেলিম ও সাদিয়া ইসলাম মৌ। সম্প্রতি টেলিছবিটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। সিলেটে পাঁচ দিন এবং ঢাকার শিল্পকলা একাডেমীতে এক দিন এর শুটিং হয়েছে। টেলিছবিটির গল্প সম্পর্কে আলভী আহমেদ জানান, এর গল্পে নতুনত্ব কিছু নেই। একজন উঠতি কবি সুমন। তাঁর প্রেমিকা জ্যোতি। সুমন-জ্যোতির গল্পটা অনেক পুরোনো। আর তা হলো, প্রতিষ্ঠিত হতে না পেরে প্রেমিকাকে হারান সুমন। তাঁর চোখের সামনেই বিয়ে হয়ে যায় জ্যোতির। টাকার অভাবে প্রেমিকাকে বিয়ে করতে না পেরে বুকভরা অভিমান থেকে আর কখনো জ্যোতির সঙ্গে দেখা করেননি সুমন। যেখানেই জ্যোতির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, সেখান থেকেই পালিয়ে এসেছেন।১০ বছর পর একদিন সিলেটগামী ট্রেনে ভাগ্য হঠাত্ তাঁদের মিলিয়ে দেয়। ব্যর্থ কবি সুমন ২০১২ সালে এসে ভিজুয়াল ডিরেকটর, আর জ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা। ঘটনা থেকে ১০ বছর দূরে এসে একটু একটু করে অভিমানের দেয়াল ভাঙতে থাকে সুমনের।