
নতুন নাটকের দল ‘বাতিঘর’ আয়োজিত নাট্যমেলা শুরু হয়েছে গতকাল শুক্রবার। জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে গতকাল বিকেলে এসে চমকে গেল দর্শক। একটি উৎসব বা মেলার আয়োজনে যা যা থাকে, তার প্রায় সবকিছুই ছিল সেখানে। একটু পরপর থেমে থেমে ঢাকের আওয়াজ। ছিল বায়োস্কোপ, বানরনাচ, টিয়াপাখি দিয়ে ভাগ্যগণনা, বন্দুক দিয়ে বেলুন ফোটানো—বিচিত্র সব আয়োজন। সঙ্গে ছিল বাতাসা, বাদামটানা ও মুড়িমুড়কির দোকান এবং বইয়ের স্টল। কাগজের কাকতাড়ুয়া, ফুল, পাখি, মাছ দিয়ে বর্ণিল সাজের চারপাশে সন্ধ্যার পর শত শত বাতি জ্বলে উঠেছিল। উড়েছিল ফানুসও।
চিরন্তন বাংলার ঐতিহ্যকে মনে করিয়ে দিল বাতিঘর নাট্যদল তাদের প্রথম নাট্যোৎসব ‘বাতিঘর নাট্যমেলা’য়। উৎসবের স্লোগান ছিল ‘অশুভের বিনাশক্ষণে এসো মিলি নটনন্দনে’। গতকাল ছুটির দিনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো এ নাট্যমেলা।
উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন রামেন্দু মজুমদার, সারা যাকের, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। বক্তব্য শেষে দুই তরুণ নাট্যকর্মী ত্রপা মজুমদার এবং তৌফিকুল ইসলামকে কমাশ্রী পদক দিয়ে সম্মাননা জানানো হয়।
গতকাল উদ্বোধনী দিনে মঞ্চায়ন হয় নাগরিক নাট্যসম্প্রদায়ের আলোচিত নাটক দেওয়ান গাজীর কিস্সা।
সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘কমাশ্রী ভুবন’ এর অঙ্গসংগঠন বাতিঘর বাংলাদেশের নাট্যাঙ্গনে একটি সংযোজন। সংগঠনটি প্রায় পাঁচ বছর ধরে সংস্কৃতি চর্চা করছে। প্রয়াত নাট্যব্যক্তিত্ব খালেদ খান যুবরাজ মারা যাওয়ার বেশ কিছুদিন আগে এই দলটির সঙ্গে কাজ করতে গিয়ে বাতিঘর নামটি ঠিক করেছিলেন।