বাদ পড়লেন মিলন
তুমি আসবে বলে ভালোবাসবে বলের মধ্য দিয়ে চলচ্চিত্রে শুরুটা হয়েছিল আনিসুর রহমান মিলনের। গত বছর এপ্রিল মাসে এফডিসিতে বেশ ঘটা করে ছবিটির মহরত অনুষ্ঠানের আয়োজন করেন নির্মাতারা। ছবির শুটিংয়ে চার দিন অংশও নিয়েছেন মিলন। জানা গেছে, এখন আর তিনি এই ছবিতে অভিনয় করছেন না। তাঁর জায়গায় অভিনয় করছেন নতুন মুখ—আবির খান।ছবির পরিচালক আশরাফুর রহমান জানান, নানা কারণে ছবিটির কাজ মাঝে অনেক দিন বন্ধ ছিল। এখন আবার তা শুরু হয়েছে। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের পরিচালক (বিপণন) ইবনে হাসান বলেন, ‘আগস্ট মাসের মধ্যে ছবির সম্পূর্ণ কাজ শেষ করে সেন্সর বোর্ডে জমা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। কাজ হচ্ছে সেভাবেই। কিন্তু এখন মিলন আমাদের সময় দিতে পারছেন না।’রেইনবো উৎসবে যোগ দিতে মিলন এখন লন্ডনে। সেখানে তিনি দুটি নাটকেরও শুটিং করবেন। তাই এ ব্যাপারে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।