বাদল দিনে নজরুলের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকেই বৃষ্টি। থেকে থেকে দমকা হাওয়ার ঝাপটা। গতকাল শুক্রবার সন্ধ্যায় বাইরে যখন ঝরছে ইলশে গুঁড়ি, শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে গানের সুরে বৃষ্টিই বন্দনা ‘গগনে কৃষ্ণ মেঘ দোলে...’। গানে গানে নিবেদন করা হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি জন্মদিনের শ্রদ্ধা।‘কেউ ভোলে না কেউ ভোলে’ নামের এই অনুষ্ঠানের আয়োজনে সংগীত পরিবেশন করে নজরুল সংগীতশিল্পী পরিষদ। আয়োজন করেছিল বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। দর্শনীর বিনিময়ে নিয়মিত পাক্ষিক সংগীতানুষ্ঠানের ২৬তম আসর ছিল এটি। সহযোগিতায় ছিল প্রথম আলো। অনুষ্ঠানে গ্রন্থনা ও সংগীত পরিচালনা করেছেন শিল্পী সুজিত মোস্তফা।সন্ধ্যা সাতটায় সংক্ষিপ্ত আলোচনা দিয়ে অনুষ্ঠানের শুরু। স্বাগত জানান সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক শিল্পী বিশ্বজিৎ রায়, কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য দেন সুজিত মোস্তফা ও প্রথম আলোর উপফিচার সম্পাদক জাহীদ রেজা নূর।সমবেত কণ্ঠে ‘জাগো অমৃত পিয়াসী’ পরিবেশনা দিয়ে গানের পালা শুরু হয়। এরপর ছিল একক গান। সুজিত মোস্তফা পরিবেশন করেন ‘ছাড়িয়া যেও না আর’। ‘গগনে কৃষ্ণ মেঘ’ শোনান বদরুন্নেছা ডালিয়া। শহীদ কবির পরিবেশন করেন ‘শাওন আসিলো ফিরে’।কবির বিভিন্ন আঙ্গিকের গান দিয়ে সাজানো হয়েছিল অনুষ্ঠান। গানগুলোর মধ্যে ছিল ‘তুমি সুন্দর তাই চেয়ে থাকি’, ‘অবিরত বাদর ঝরিছে’, ‘থই থই জলে ডুবে গেছে পথ’, ‘তুমি হাতখানি যবে’, ‘নহে নহে প্রিয়’। সংগঠনের প্রবীণ-নবীন প্রায় ৪০ জন শিল্পী অনুষ্ঠানে অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন রাহাত আরা গীতি, ইফফাত আরা নার্গিস, শাহজাহান পাটোয়ারী, সুমন চৌধুরী, অনিন্দিতা চৌধুরী, আল্পনা রায়, শেখ জসিম উদ্দিন, প্রদীপ কুমার নন্দী, নাসরীন জাহান, শাহীন আক্তার প্রমুখ।ছায়ানটের নজরুল উৎসব শুরু‘কারার ঐ লৌহকবাট/ ভেঙে ফেল কর রে লোপাট’ নজরুলের কালজয়ী এ গানের সঙ্গে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে গতকাল শুরু হয় ছায়ানটের দুই দিনের নজরুল উৎসব। এরপর উৎসব উদ্বোধনের আনুষ্ঠানিকতা এবং স্মারক বক্তৃতা।ছায়ানট মিলনায়তনে আয়োজিত এ উৎসবে ‘নজরুল স্মারক’ বক্তৃতা করেন অধ্যাপক সনৎকুমার সাহা। স্বাগত বক্তব্য দেন ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল, ধন্যবাদ জানান সহসভাপতি সারওয়ার আলী। বক্তৃতা পর্বের পর ছায়ানটের শিল্পীরা সম্মেলক কণ্ঠে পরিবেশন করেন ‘তোরা সব জয়ধ্বনি কর’, ‘এই আমাদের বাংলাদেশ’। এরপর তানভীর আহমেদ ‘আধখানা চাঁদ হাসিছে আকাশে’, আফসানা রুনা ‘মুখে কেন নাহি বল’ সুমন চৌধুরী ‘মাগো চিন্ময়ী রূপ ধরে আয়’ কবিতা আবৃত্তি করেন আহ্কাম উল্লাহ ও ইসরাত ফেরদৌসী। অনুষ্ঠানে আরও ছিল সালাউদ্দীন আহমেদ, লীনা তাপসী খান, ইয়াসমিন মুশতারী, কল্পনা আনাম, মফিজুর রহমান, অভিজিত কুণ্ডু, রোকসানা হোসেন, পূজন দাস, মৃদুলা সমদ্দার প্রমুখের একক পরিবেশনা। শিল্পীদের পরিবেশনায় ছিল ‘বরষা ঐ এল বরষা’ ‘সবার কথা কইলে’, ‘কে তুমি দূরের সাথী’, ‘ফুলমালিনী এনেছ কি মালা’ ‘আমার যাবার সময় হলো’, ‘অঝোর ধারায় বর্ষা ঝরে’ এসব গান।আজ শনিবার উৎসবের দ্বিতীয় দিনে অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ছয়টায়।মা ও ছেলের ‘রৌদ্র ছায়া’শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণী এবং তাঁর ছেলে কারু তিতাসের সৃজন বোধ ও মেধার এক উজ্জ্বল সম্মিলন। প্রিয়ভাষিণী প্রতিদিনের তুচ্ছ শিকড়, লতাগুল্ম দিয়ে রচনা করেন শিল্প। এ শিল্পই তাঁর নান্দনিক বোধে হয়ে ওঠে একেকটি অনন্য শিল্প। কারু তিতাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এমএফএ ডিগ্রি লাভ করে নিয়মিত শিল্পচর্চা করেন। মা ও ছেলের শিল্পকর্ম নিয়ে ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে গতকাল শুরু হয়েছে দ্বৈত প্রদর্শনী ‘রৌদ্র ছায়া’। সন্ধ্যায় ১২ দিনের এ প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী এবং সংগীতশিল্পী ইফ্ফাত আরা দেওয়ান। প্রদর্শনীতে ফেরদৌসী প্রিয়ভাষিণীর ৯০টি এবং কারু তিতাসের ৩০টিসহ মোট ১২০টি শিল্পকর্ম রয়েছে। প্রদর্শনী চলবে ৪ জুন পর্যন্ত।