মুঠোফোনে খুদে বার্তাটি এলেই মনে পড়ে যায়, কদিন পরেই ১১ জুন। চার বছর ধরে খুদে বার্তাটি পেয়ে আসছেন চলচ্চিত্রের সঙ্গে জড়িত অনেকেই। এ বছরও সেটার ব্যতিক্রম হয়নি। সেটি ছিল একটি আমন্ত্রণ বার্তা। মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্রকার বাদল রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি স্মারক বক্তৃতায় উপস্থিত হওয়ার আমন্ত্রণ।
গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার হলে তাঁকে নিয়ে একটি স্মারক বক্তৃতার আয়োজন করে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। তাতে ‘জাতি, আত্মপরিচয় ও বাংলাদেশের চলচ্চিত্র’ নিয়ে কথা বলেন চলচ্চিত্র গবেষক ও অধ্যাপক জাকির হোসেন।
অনুষ্ঠানের শুরুতে কথা বলেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়েত হোসেন। তিনি জানান, চলচ্চিত্রের মানুষদের একত্র করার চেষ্টা ছিল বাদল ভাইয়ের। বন্ধুকে নিয়ে স্মৃতিচারণা করেন নন্দিত আলোকচিত্রী আনোয়ার হোসেন। বক্তব্য দেন চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী এবং চলচ্চিত্রকার মসিউদ্দিন সাকের। বাবা সম্পর্কে ছেলে অভিষেক রহমান বললেন, ‘তিনি যে এত কিছুর সঙ্গে জড়িয়ে ছিলেন, তা আমাদের জানা ছিল না।’
২০১০ সালে ৬২ বছর বয়সে মারা যান চলচ্চিত্র নির্মাতা বাদল রহমান। বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র এমিলের গোয়েন্দা বাহিনীসহ বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন তিনি। বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলন শুরুর পেছনে রয়েছে তাঁর অবদান।