চলচ্চিত্রকার বাদল রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। প্রতিবছরের মতো এ উপলক্ষে এবারও আয়োজিত হলো বাদল রহমান স্মারক বক্তৃতা। আলোচনার বিষয় ‘বাংলা চলচ্চিত্রে বাউল পরিবেশনার রাজনীতি’।
বাদল রহমানের স্মৃতিচারণা করেন ছেলে অভিষেক রহমান, বন্ধু ও চলচ্চিত্রকার সি বি জামান, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, এফএফএসবি সভাপতি লাইলুন নাহার ও মুভিয়ানার সভাপতি বেলায়াত হোসেন। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি), বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও মুভিয়ানা ফিল্ম সোসাইটির যৌথ এ আয়োজনটি ছিল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ আল মামুন মূল বক্তৃতায় বলেন, বাঙালির বাউল ভাবনায় তিনটি পর্ব আছে। প্রথম পর্ব চল্লিশের দশকের আগ পর্যন্ত। বাউলদর্শন তখন অচ্ছুত বিষয়। হিন্দু ও মুসলমান—উভয় সম্প্রদায়ের মানুষ বাউলদের ব্যাপারে তেমন কিছু জানত না। রবীন্দ্রনাথ এখানে ব্যতিক্রম। দ্বিতীয় পর্ব চল্লিশের দশক থেকে। এ সময় উভয় সম্প্রদায়ের মানুষ বাউলদের আত্তীকরণ করতে চান। তখনকার গুরুত্বপূর্ণ প্রশ্ন—লালন হিন্দু না মুসলমান? তৃতীয় পর্ব শুরু বাংলাদেশের অভ্যুদয় থেকে। এ সময় লালন ধর্মনিরপেক্ষ বাউলসম্রাট হিসেবে উপস্থাপিত হন।
আ আল মামুন বলেন, বাউল জীবনদর্শন নিয়ে বাংলাদেশে চলচ্চিত্র নির্মিত হয়েছে অচিন পাখি ও লালন, ভারতে হয়েছে মনের মানুষ, কসমিক সেক্স। তাঁর মতে, বাংলাদেশের চলচ্চিত্রগুলো লালন ও বাউলদের জানা তথ্যগুলো থেকে নির্মিত হয়েছে। আর ভারতের চলচ্চিত্রগুলো বাউলদের জীবনের অজানা জায়গার ওপর। সেটা করতে গিয়ে সেখানে গবেষণার তথ্যের চেয়ে কল্পকাহিনির জায়গাটা বেশি।