বাদলদিনের পাখিতে গাইলেন শাহনাজ রহমতউল্লাহ
বাংলাদেশের সংগীতের চিরসবুজ শিল্পী শাহনাজ রহমতউল্লাহর শেষ তিনটি গান নিয়ে প্রকাশিত হয়েছে ‘বাদলদিনের পাখি’ নামের একটি মিশ্র অ্যালবাম। অ্যালবামে অন্যান্য শিল্পীর গানের সঙ্গে থাকছে তাঁর গাওয়া তিনটি গান। প্রথম আলো ডটকমের সঙ্গে আলাপকালে শাহনাজ রহমতউল্লাহ জানান, এরপর আর কোনো নতুন অডিও অ্যালবাম কিংবা চলচ্চিত্রের গানে তিনি কণ্ঠ দেবেন না। ‘বাদলদিনের পাখি’ অ্যালবামের তিনটি গানই তাঁর জীবনের শেষ গান বলে উল্লেখ করেছেন এই প্রখ্যাত কণ্ঠশিল্পী। ‘বাদলদিনের পাখি’ বাজারে এনেছে সন্ধ্যাবৃষ্টি প্রযোজনা প্রতিষ্ঠান। গতকাল সোমবার অ্যালবামটি বাজারে ছাড়া হয়েছে। ডা. ইকবালের পরিকল্পনায় ‘বাদলদিনের পাখি’ অ্যালবামে গান রয়েছে ১৪টি। এর মধ্যে তিনটি গান গেয়েছেন শাহনাজ রহমতউল্লাহ। বাকি গানগুলো গেয়েছেন শাকিলা জাফর, ফাহমিদা নবী, আলম আরা মিনু, রূপম, যুবীন, তানজিনা, পঙ্কজ, নাজমুল, জাকিয়া সুলতানা ও ডা. ইকবাল।অ্যালবামটি প্রসঙ্গে শাহনাজ রহমতউল্লাহ বলেন, ‘খুবই ভালো কথার গান করেছি; সুরও চমত্কার। ১৪টি গানের মধ্যে আমি তিনটি গানে কণ্ঠ দিয়েছি। আমার সবগুলো গানের সুর করেছেন ইকবাল। বেশ যত্ন নিয়ে তিনি গানগুলো তৈরি করেছেন। আশা করছি, অ্যালবামের সবগুলো গানই শ্রোতাদের ভালো লাগবে।’শেষ গান প্রসঙ্গে শাহনাজ রহমতউল্লাহ বলেন, ‘৫০ বছরের সংগীতজীবন আমাকে অনেক কিছু দিয়েছে। আজকে আমার যে অবস্থান, তা সংগীতের কল্যাণেই হয়েছে। কোনো ধরনের অভিমানের কারণে গানের জগত্ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি না। এটা আমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত।’ ১৯৬৩ সালে ‘নতুন সুর’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেছিলেন শাহনাজ রহমতউল্লাহ। গানের জগতে তাঁর ৫০ বছরে শাহনাজ রহমতউল্লাহর চারটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। প্রথম অ্যালবামটি ছিল প্রণব ঘোষের সুরে ‘বারোটি বছর পরে’, তারপর প্রকাশিত হয়েছিল আলাউদ্দীন আলীর সুরে ‘শুধু কি আমার ভুল’।