বাদলা দিনে রবীন্দ্র প্রসঙ্গ

আয়োজনটি ছিল নতুন বইয়ের প্রকাশনা। কিন্তু যাঁকে নিয়ে বইটি লেখা, সেই রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলেছিলেন, ‘আমার গান তোমাদের গাইতেই হবে।’ বাংলা একাডেমীর আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার বিকেলে নতুন বইয়ের প্রকাশনা অনুষ্ঠানটি শুরুও হয়েছিল তাঁর গান দিয়ে। বৃষ্টিভেজা বিকেলে পিয়ানোর সঙ্গে ‘তুমি কেমন করে গান কর হে’ গানটি বেশ লেগেছিল সমবেতদের কাছে।রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমী প্রকাশ করেছে অধ্যাপক ফকরুল আলমের লেখা রবীন্দ্রনাথ টেগর অ্যান্ড দ্য ন্যাশনাল আইডেনটিটি ফরমেশন ইন বাংলাদেশ: এসে অ্যান্ড রিভিউস বইটি। বৃহস্পতিবার হলো এর প্রকাশনা অনুষ্ঠান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি নজরুল ইসলাম। আলোচনায় অংশ নেন সৈয়দ মনজুরুল ইসলাম। সভাপতিত্ব করেন একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান।বক্তারা বলেন, রবীন্দ্রনাথ কোনো স্থির-নির্ধারিত প্রত্যয়ের নাম নয়। তিনি ক্রমান্বয়ে নিজেকে পুনর্নির্মাণ করেছেন। রবীন্দ্রনাথের সর্বজনীন চিন্তা, বিশ্বচিন্তা, স্বাদেশিকতা, দেশপ্রেম ও জাতীয়তাবাদের প্রাসঙ্গিকতা তুলে ধরেন বক্তারা।পরে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শিল্পী শামা রহমান, শীবেশ কীর্ত্তনিয়া, শাহনাজ নাসরীন, সালমা আলী ও গোলাম রাব্বানী। পিয়ানো বাদন করেন এহসানুল হক।
আঞ্চলিক সাহিত্য সম্মেলন
আজ শুক্রবার নাটোরের রাজবাড়ী আনন্দভবন মিলনায়তনে দিনব্যাপী আঞ্চলিক সাহিত্য সম্মেলনের আয়োজন করেছে বাংলা একাডেমী। সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কথাশিল্পী হাসান আজিজুল হক।
রোকেয়া সুলতানার একক চিত্রকলা প্রদর্শনী
গুলশানে বেঙ্গল ফাউন্ডেশনের নতুন সাংস্কৃতিক কেন্দ্র এবং আর্ট গ্যালারি বেঙ্গল আর্ট লাউঞ্জের আয়োজনে আজ থেকে শিল্পী রোকেয়া সুলতানার ‘ফাটা মরগানা’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী শুরু হবে। বিকেল সাড়ে চারটায় প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
আজ তরুণ কবি ও লেখক পুরস্কার প্রদান অনুষ্ঠান
দেশের তরুণ লেখকদের সৃজনধারাকে সঞ্জীবিত করার লক্ষ্যে প্রবর্তিত এইচএসবিসি-কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১২ আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে আজ শুক্রবার। বিকেল পাঁচটায় বাংলা একাডেমীর আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে হবে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে চার তরুণ লেখককে এই পুরস্কার দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশেষ অতিথি থাকবেন মুহম্মদ জাফর ইকবাল।
গণগ্রন্থাগারে কবিতাসন্ধ্যা
গতকাল বৃষ্টিমুখর বিকেলে জাতীয় গণগ্রন্থাগারে সুফিয়া কামাল মিলনায়তনের সেমিনারকক্ষে বসেছিল কবিতা পাঠের আসর। অনুষ্ঠানের আয়োজন করেছিল সাহিত্য-শিল্প-সংস্কৃতির মাসিক কাগজ নতুনধারা।
ফিরোজ এহতেশামের কবিতাপাঠ দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পাঁচটি কবিতা পড়েন তিনি। এ ছাড়া অনুষ্ঠানে কবিতা পাঠ করেন সৈয়দ শামসুল হক, মুহম্মদ নূরুল হুদা, শিহাব সরকার, আলতাফ হোসেন, জুয়েল মাজহার, শাহনাজ মুন্নী, আব্দুর রব ও জহির হাসান। আবৃত্তি শেষে ছিল শিল্পী সুজিত মোস্তফার গান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদ কবির।