বাদ্যের তালে আঁকলেন শিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল জাতীয় জাদুঘরে বাদ্যের তালে তালে ছবি আঁকেন কালিদাস কর্মকার l প্রথম আলো
গতকাল জাতীয় জাদুঘরে বাদ্যের তালে তালে ছবি আঁকেন কালিদাস কর্মকার l প্রথম আলো

ঢাকের শব্দে কাঁপছিল জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন। মঞ্চের দুই কোণে বাঁশি বাজাচ্ছিলেন দুই বাঁশরিয়া। মঞ্চের ঠিক মাঝখানে দুই হাতে রং মেখে ১৬ ফুট ক্যানভাসে অস্থিরভাবে মাখছিলেন খ্যাপাটে চিত্রকর। যত মাধ্যমে, যত কৌশলে সম্ভব তিনি এঁকেছেন। গতকাল ছিল শিল্পী কালিদাস কর্মকারের ৭১তম জন্মবার্ষিকী। জন্মদিনের বিকেলে দর্শক আর অতিথিদের সামনে বাদ্যযন্ত্রের তালে হাতে রং মেখে একাত্তর মিনিটে ছবি আঁকলেন তিনি। সুরের সঙ্গে গতি বদল করছিল শিল্পীর রঙে নিমজ্জিত হাত। ক্যানভাসের ওপরে সেই হাত যেন বাদ্যের তালেই ওঠানামা করছিল। ক্যানভাসে ফুটে উঠছিল ভয়ার্ত নারীমুখ, বহুদূরের সবুজ প্রান্তর আর স্বপ্নের হীরামন পাখি। দর্শকদের কেউ কেউ হয়তো প্রথম দেখলেন একটি চিত্রকলার জন্মপ্রক্রিয়া!
গতকাল রোববার বাদ্যের ছন্দে ছবি আঁকার এই যুগলবন্দীর আয়োজন করে জাতীয় জাদুঘর। বিকেলে কালিদাস কর্মকারের ‘পাললিক ছন্দ’ নামের এই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক। সংক্ষিপ্ত আলোচনা পর্বটির সভাপতিত্ব করেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।
অতিথিদের মধ্যে রামেন্দু মজুমদার বলেন, ‘কালিদাস চমক দিতে পছন্দ করেন। তাঁর ছবিগুলো বৈচিত্র্যময়।’ আবুল খায়ের বলেন, ‘তিনি ক্যানভাসে একধরনের রহস্যময়তা সৃষ্টি করেন। তাঁর কাজে সব সময় নতুন কিছু পরিবর্তন লক্ষ করি আমরা।’ রুবানা হক বলেন, ‘প্রত্যাবর্তনকে গুরুত্ব দেন কালিদাস। শিল্পীর সব প্রদর্শনীর সঙ্গে “পাললিক” শব্দটি জড়িয়ে থাকে। পলিমাটির এই দেশ তাঁর চিন্তায় মিশে থাকে সব সময়।’ শিল্পী কালিদাস কর্মকার বলেন, ‘চিত্রকলা তখনই সমৃদ্ধ হবে যখন নাটক, কবিতা, গান, বাদ্যযন্ত্র এর সঙ্গে যুক্ত হবে। শিল্পকলার এই সবগুলো মাধ্যমকে একত্র করতে পারলেই তা সমৃদ্ধ হবে।’ ফয়জুল লতিফ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের আন্তর্জাতিক মানের একজন শিল্পী তিনি।’

আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে দেখে আসা যাবে এই শিল্পীর ৭২তম একক প্রদর্শনীর ছবিগুলো। গ্যালারি খোলা প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।