বাধা পেরিয়ে মৌসুমী হামিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ফ্রেন্ডশিপ’ ছবির দৃশ্যে মৌসুমী হামিদ
‘ফ্রেন্ডশিপ’ ছবির দৃশ্যে মৌসুমী হামিদ

অনেক বাধা পেরিয়ে নিজের প্রথম বাণিজ্যিক ছবির শুটিং শুরু করেছেন ২০১০ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার প্রথম রানারআপ মৌসুমী হামিদ। ছবির নাম ‘ফ্রেন্ডশিপ’।
গতকাল রোববার ঢাকার অদূরে সাভারে ছবিটির প্রথম দিনের শুটিং শুরু হয়। মৌসুমী হামিদ ছাড়াও শুটিংয়ে অংশ নেন ববি ও দীপালি।
‘ফ্রেন্ডশিপ’ মৌসুমী হামিদ অভিনীত চতুর্থ সিনেমা হলেও এটিকে নিজের ক্যারিয়ারের প্রথম বাণিজ্যিক সিনেমা হিসেবে বলতে চাইছেন মৌসুমী। নতুন এই ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।
মৌসুমী হামিদ বলেন, ‘অনেক বাধা, ঝড়-ঝাপটা আর প্রতিকূলতা পেরিয়ে নিজের প্রথম বাণিজ্যিক সিনেমার কাজ শুরু করতে পেরেছি। আর এ জন্য ছবিটির পরিচালকের প্রতি আমি কৃতজ্ঞ। আশা করছি, আমরা সবাই মিলে বাংলাদেশের সিনেমাপ্রেমী দর্শকদের ভালো একটি সিনেমা উপহার দিতে পারব।’
‘ফ্রেন্ডশিপ’ ছবির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন।
অনিমেষ আইচ পরিচালিত ‘না মানুষ’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে মৌসুমী হামিদের। কিন্তু কিছুদিন শুটিং চলার পর ছবিটির কাজ বন্ধ হয়ে যায়। এরপর মৌসুমী হামিদ প্রশান্ত অধিকারীর ‘হাডসনের বন্দুক’ এবং আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’ ছবিতে কাজ করেন।