এবার ঈদে অগ্নিবীণা থেকে বাজারে এসেছে মিলন মাহমুদের একক অ্যালবাম পরবাস। এটি তাঁর সপ্তম একক অ্যালবাম। এই অ্যালবামের গান ও নানা দিক নিয়ে কথা বলেছেন মিলন মাহমুদ।‘পরবাস’ প্রকাশিত হওয়ার পর কেমন সাড়া পেলেন?ঈদের চার দিন আগে বাজারে এসেছে পরবাস। ভক্তরা তো আছেনই। এ ছাড়া যাঁরা আমার গান পছন্দ করেন, তাঁদের কাছে ভালো লেগেছে। অ্যালবামটি আমার মন যমুনা অ্যালবামের সিক্যুয়াল।এই অ্যালবামের বিশেষত্ব কী?অ্যালবামের গানগুলো লোকধারার। ‘শেষ বিদায়’ গানটি মেলো রক ধরনের। পুরো অ্যালবামটি উৎসর্গ করেছি শ্রদ্ধেয় হুমায়ূন আহমেদকে। অনিন্দিতা শেহনাজের লেখা একটি গান ছাড়া বাকি গানগুলো আমার লেখা ও সুর করা। গানগুলোর সংগীতায়োজন করেছেন বনি আহমাদ এবং এফ এ সুমন।আপনার কণ্ঠে ‘চলো সবাই’ কিংবা ‘স্বপ্ন যাবে বাড়ি’ দারুণ জনপ্রিয় হয়েছিল। এরপর কিন্তু আপনার কাছ থেকে এ ধরনের গান আর পাওয়া যায়নি।আসলে এখনো ভালো গান হচ্ছে। তবে ‘চলো সবাই’ বা ‘স্বপ্ন যাবে বাড়ি’ গান দুটি এতবার টিভি আর রেডিওতে প্রচারিত হয়েছে যে খুব তাড়াতাড়ি মানুষের কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু এই গানগুলোর পরে যে গানগুলো গেয়েছি, সেখানে নতুনত্ব ও বৈচিত্র্য আছে।নতুন কী কাজ করছেন?নতুন ছেলেমেয়েদের নিয়ে কিছু কাজ করছি। রেদওয়ান রনির চোরাবালি চলচ্চিত্রে আমি অন্যতম একজন সংগীত পরিচালক ছিলাম। শুনেছি, এখানে আমার গাওয়া গানটি অনেকেরই ভালো লেগেছে।আপনার একটা নিজস্ব স্টাইল রয়েছে, এটা কি ইচ্ছাকৃত?অনেকটা বাধ্য হয়ে এই স্টাইল করেছি। শুরুতে মাথার সামনের দিকের চুলগুলো পড়ে টাক হয়ে যাচ্ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে ভাবলাম, মাথা ন্যাড়া করলে কেমন হয়? ব্যক্তিত্বের সঙ্গে যায় কি না। এ জন্য ব্যায়ামাগারে গিয়ে প্রথমে শরীর গঠন করেছি। এরপর মাথা ন্যাড়া করে একটা নতুন স্টাইল করেছি।