বানরের দখলে পৃথিবী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথাটা নতুন কিছু নয়। সেই কবেই তো মহামান্য ডারউইন বলে গেছেন, মানুষ আসলে একসময় বাঁদর ছিল। জানি, এই বাঁদর-তত্ত্ব শোনার পর কেউ আর এখন আদর করে না। তবে পৃথিবীতে আবারও নাকি বাঁদরের রাজত্ব কায়েম হচ্ছে। সেই গল্পই শুনিয়েছে হলিউডের নতুন ছবি রাইজ অব দ্য প্লানেট অব দ্য এপস। এই মাসের প্রথম সপ্তাহে মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে বেশ জাঁকিয়ে বসেছে রুপার্ট ইয়াটের ছবিটা। দ্য এসকেপিস্ট-এর পর এটাই ইয়াটের প্রথম ছবি। অভিনয় করেছেন স্পাইডারম্যান সিরিজের হ্যারি অসবর্ন চরিত্রে অভিনয় করা, পরে ড্যানি বয়লের ১২৭ আওয়ার্স দিয়ে বাজিমাত করে দেওয়া জেমস ফ্রাঙ্কো। বয়েলেরই আবিষ্কার, স্লামডগ মিলিয়নিয়ার তারকা ভারতীয় অভিনেত্রী ফ্রিদা পিন্টোও আছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।ছবির নামেই লুকিয়ে আছে কাহিনি। উইল রডম্যান (জেমস ফ্রাঙ্কো) সানফ্রান্সিসকোর একজন বিজ্ঞানী। চেষ্টা করছেন অ্যালঝেইমার (স্মৃতিভ্রংশ) রোগের প্রতিষেধক আবিষ্কারের। মানুষের আগে গবেষণাগারের শিম্পাঞ্জির ওপর কিছু প্রতিষেধক প্রয়োগ করে দেখা হয়। সে সময়ই আবিষ্কৃত হয়, এই প্রতিষেধক শিম্পাঞ্জিদের বুদ্ধিবৃত্তিক স্তর মানুষের কাছাকাছি নিয়ে আসছে! পরীক্ষাগারের এক মাদি শিম্পাঞ্জি তার সদ্যোজাত সন্তানের নিরাপত্তায় উদ্বিগ্ন হয়ে পাগলের মতো আচরণ করতে থাকে। মেরে ফেলা হয় তাকে। মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় সব শিম্পাঞ্জিকেই। কিন্তু সেই সদ্যোজাত শিম্পাঞ্জিটিকে মারা হয় না। উইল সেটাকে নিয়ে আসে নিজের বাড়িতে। শিম্পাঞ্জিটির নাম দেয় সিজার। ছবির পরের অংশে দেখা যায়, সিজার তার মায়ের তীক্ষ বুদ্ধির মস্তিষ্কটি পেয়েছে জন্মসূত্রে।তিন বছর পরের কথা। আরও উন্নতমানের একটা প্রতিষেধক উইল তার অ্যালঝেইমার রোগে আক্রান্ত বাবার শরীরে ইনজেকশন দেয়। প্রথম দিকে উইলের বাবার উন্নতি দেখা দিলেও একসময় ভাইরাসটি অন্য রকম পার্শ্বপ্রতিক্রিয়ার জন্ম দেয়। উইলের বাবা পাগলের মতো আচরণ করতে থাকে। প্রতিবেশীদের গাড়ি ভাঙচুর শুরু করে। প্রতিবেশীটি তাকে বাধা দিতে এগিয়ে এলে উইলের বাবাকে রক্ষায় ছুটে আসে সিজার। মেরে রক্তাক্ত করে প্রতিবেশীদের।বাধ্য হয়ে সিজারকে স্থানীয় একটি বাঁদরের আশ্রয়কেন্দ্রে রেখে আসে উইল। এখানকার কর্মীদের কেউ কেউ বাঁদরদের ওপর নির্যাতন চালায়। বুদ্ধিমান সিজার একসময় পালিয়ে আসে খাঁচা ভেঙে। উইলের গবেষণাগার থেকে আরও উন্নতমানের প্রতিষেধকটিও চুরি করে নেয়, যে প্রতিষেধক শিম্পাঞ্জি বা বানরের বুদ্ধিবৃত্তিক ক্ষমতা বাড়িয়ে দেবে মানুষের চেয়েও বেশি। সিজার একে একে মুক্ত করে বন্দী বানরদের। ভাইরাসের গুণে একসময় তাদের বুদ্ধির স্তর হয়ে যায় মানুষের সমকক্ষ। পৃথিবীজুড়ে বানর প্রজাতির দাপট দেখা দেয়। আতঙ্কিত হয়ে পড়ে মানুষ। তবে কি পৃথিবীর রাজত্ব আবার চলে যাবে বানরের দখলে? তবে কি ছবির ট্যাগ লাইনে বলা কথাটাই সত্যি হবে—এভাল্যুশন বিকামস রেভাল্যুশন! ‘এভাল্যুশন’ (বিবর্তন) হয়ে যাবে ‘রেভাল্যুশন’ (বিপ্লব)? এই প্রশ্নের উত্তর দিতে পারতেন ডারউইন সাহেব। আর দিতে পারবে ছবিটা। এরই মধ্যে সাফল্যের সঙ্গে এগিয়ে চলছে রাইজ অব দ্য প্লানেট অব দি এপস। বছরের সেরা অ্যাকশনধর্মী বৈজ্ঞানিক কল্পকাহিনি-নির্ভর ছবি বলা হচ্ছে এটিকেই। প্লানেট অব দি এপস সিরিজও আবার রুপালি পর্দায় ফিরে এল এই ছবি দিয়ে। সর্বশেষ ২০০১ সালে মুক্তি পেয়েছিল এই সিরিজের ছবি। পাঠকদের মনে করিয়ে দেওয়া যায়, এই সিরিজ শুরু হয়েছিল সেই ১৯৬৮ সালে, হলিউডের দর্শক তখনো কিং কং-এর ঘোর থেকে বেরোতে পারেনি। ১৯৭২ সালে এই সিরিজের চতুর্থ ছবি কনকুয়েস্ট অব দ্য প্লানেট অব দি এপস-এ কাহিনির সঙ্গে রাইজ অব দ্য প্লানেট অব দি এপস-এর মূল কিন্তু অনেকাংশে মিলে যায়। যদিও এই ছবিকে ঠিক চতুর্থ ছবিটির ‘রিমেক’ বলা যাবে না। বলা হচ্ছেও না।প্লানেট অব দি এপস সিরিজের সবচেয়ে ব্যবসাসফল ছবি হতে চলেছে এটাই। এরই মধ্যে হ্যারি পটার-এর রাজত্ব দখল করে ফেলেছে। ৫ আগস্ট মুক্তির প্রথম দিনেই তুলে এনেছে প্রায় দুই কোটি মার্কিন ডলার। শুধু বাণিজ্যিক সাফল্যই শেষ কথা নয়, ছবিটি সমালোচকদের প্রশংসাও কুড়াচ্ছে। সে যাই হোক, এসব নিয়ে আমাদের মাথা না ঘামালেও চলবে। আমরা বরং এটা নিয়ে ভাবি—বানরদের রাজত্ব শুরু হয়ে গেলে কী হবে আমাদের! রাজীব হাসানতথ্যসাহায্য: টাইম অনলাইন, আইএমডিবি, রটেন টমাটোস, ইয়াহু মুভিজ