বান্দরবানে আদিবাসী লোকসংস্কৃতি উৎসব
বান্দরবানে আদিবাসী লোকসংস্কৃতি উৎসবে গতকাল শনিবার শত শত আদিবাসী নারী-পুরুষ মেতে উঠেছিল আনন্দ-উল্লাসে। ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের (কেএসআই) উদ্যোগে এ আদিবাসী লোকসংস্কৃতি উৎসবের আয়োজন করা হয়। কেএসআই মিলনায়তনে বর্ণাঢ্য পোশাকে আদিবাসী নারী-পুরুষের মুখরিত এবং প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক তারিকুল ইসলাম। সংস্কৃতি মন্ত্রণালয়ের দেশজ সংস্কৃতির বিকাশ কার্যক্রমের আওতায় এ উৎসব আয়োজন করা হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন। কেএসআইয়ের পরিচালক মংনুচিং মারমা বলেন, ক্ষুদ্র আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতির বিকাশ ও সংরক্ষণের জন্যই এই উৎসব আয়োজনের লক্ষ্য। উৎসবে তুলে ধরা অধিকাংশ নৃত্য-গান ও গীতিনাট্য বর্তমান সময়ের তরুণ-তরুণীদের কাছে জানা নেই। এ জন্য প্রবীণদের উদ্বুদ্ধ করে বর্তমান সময়ের তরুণ-তরুণীদের উপস্থিতিতে তা পরিবেশন ও উপস্থাপন করা হয়েছে। উৎসবে নগরজীবনের বাইরে আদিবাসীদের প্রায় বিলুপ্ত হয়ে গেছে এ রকম নৃত্য, গান, পালাগান, প্রেম-বিরহের গীতিনাট্যে তরুণ-তরুণীরাও উচ্ছ্বসিত হয়েছে। শিকড়ের সন্ধান পেয়ে সারাক্ষণ উল্লাস করেছেন। তিন পার্বত্য জেলার মধ্যে একমাত্র বান্দরবানে মারমা, ত্রিপুরা, ম্রো, বম, চাকমা, তঞ্চঙ্গ্যা, চাক, খুমী, পাংখুয়া, লুসাই ও খিয়াং—এই ১১টি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে। উৎসবে সব আদিবাসী অংশ নেয়।