বান্দরবানে শুরু হচ্ছে 'সার্ক আর্টিস্ট ক্যাম্প'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্কভুক্ত দেশগুলোর চিত্রশিল্পীদের অংশগ্রহণে বান্দরবানের নীলাচলে কাল বুধবার থেকে শুরু হচ্ছে ‘সার্ক আর্টিস্ট ক্যাম্প’। সার্ক সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী।
গতকাল সোমবার দুপুরে একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস, একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, সার্ক সাংস্কৃতিক কেন্দ্রের উপপরিচালক সুউন্দরিয়ে ডেভিড রড্রিগো প্রমুখ। তাঁরা জানান, বাংলাদেশে প্রথমবারের মতো ‘সার্ক আর্টিস্ট ক্যাম্প’ এবং এ উপলক্ষে প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
সার্ক দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক বন্ধন ও শিল্পের বিনিময় এ ক্যাম্পের উদ্দেশ্য। এতে বাংলাদেশের ১২ জনসহ সার্কভুক্ত দেশগুলোর মোট ৪৭ জন চিত্রশিল্পী অংশ নিচ্ছেন। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ক্যাম্পের উদ্বোধন করবেন। ক্যাম্প চলবে ১২ এপ্রিল পর্যন্ত। পরে ক্যাম্পে করা শিল্পকর্মগুলো নিয়ে ১৩ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত প্রদর্শনী হবে জাতীয় চিত্রশালা গ্যালারিতে।