বান্দ্রায় যশ চোপড়ার প্রতিমূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হলিউড ওয়াক অব ফেম’ থেকে অনুপ্রাণিত হয়ে গত বছর ভারতের বান্দ্রায় উদ্বোধন করা হয়েছে ‘ব্যান্ডস্ট্যান্ড ওয়াক অব স্টারস’। সমুদ্রের পার ঘেঁষে দুই কিলোমিটার এ রাস্তার পাশে স্থাপন করা হচ্ছে প্রখ্যাত ভারতীয় চিত্র নির্মাতা প্রয়াত যশ চোপড়ার প্রতিমূর্তি। আগামী সপ্তাহে প্রতিমূর্তিটি উন্মোচন করবেন যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া এবং বর্ষীয়ান বলিউডের অভিনেতা অমিতাভ বচ্চন। গত বছরের ২৮ মার্চ ‘ব্যান্ডস্ট্যান্ড ওয়াক অব স্টারস’ উদ্বোধন করেন রণবীর কাপুর, কারিনা কাপুর এবং মাধুর ভাণ্ডারকর। এখন পর্যন্ত রাজ কাপুর, শাম্মী কাপুর, দেব আনন্দের মতো প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্বদের প্রতিমূর্তি স্থাপন করা হয়েছে এখানে। এবার তাঁদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন বলিউডের ‘কিং অব রোমান্স’খ্যাত নির্মাতা যশ চোপড়া। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে স্ক্রিন ইন্ডিয়া। ১৯৩২ সালের ২৭ সেপ্টেম্বর অবিভক্ত ভারতের লাহোরে জন্মগ্রহণ করেছিলেন যশ চোপড়া। ১৯৫৯ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত প্রথম ছবি ‘ধুল কা ফুল’। পরবর্তী সময়ে ‘ওয়াক্ত’, ‘ইত্তেফাক’, ‘দিওয়ার’, ‘কালা পাথর’, ‘সিলসিলা’, ‘চাঁদনি’, ‘ডর’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘বীর-জারা’সহ মোট ২২টি ছবি পরিচালনা করেন তিনি। কাজের স্বীকৃতি হিসেবে দুই বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি ‘পদ্মভূষণ’ খেতাব পেয়েছেন গুণী এ নির্মাতা। এ ছাড়া ফ্রান্সের লিজিয়ন অব অনার, পুসান চলচ্চিত্র উৎসব থেকে এশিয়ার সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কার, ফিল্মফেয়ার, আইফা, দাদা সাহেব ফালকে, কিশোর কুমার পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন যশ চোপড়া। যশ চোপড়া পরিচালিত সর্বশেষ ছবি ‘যব তক হ্যায় জান’ মুক্তি পায় গত বছরের নভেম্বরে। কিন্তু নিজের শেষ ছবিটি দেখে যেতে পারেননি তিনি। শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা অভিনীত ছবিটি মুক্তির দুই মাস আগে চলচ্চিত্র নির্মাণ থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন যশ চোপড়া। সেই ঘোষণার মাত্র এক মাসের মাথায় ২০১২ সালের ২১ অক্টোবর জীবন থেকেই অবসর নিয়ে তিনি চলে যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।