বাপ-বেটা একসঙ্গে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাপ-বেটা একসঙ্গেই যাবে গ্রামে। একসঙ্গেই কাটাবে বিশেষ একটি দিন। কাল ২৮ এপ্রিল সংগীতশিল্পী এস আই টুটুলের জন্মদিন। একই দিনে তাঁর ছেলেরও জন্মদিন। গত বছর এই ২৮ এপ্রিলেই জন্ম নিয়েছিল এস আই টুটুলের ছেলে আরশ। ‘জন্মানোর পরপরই আরশকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নিতে হয়েছিল। সে কারণে নিজের জন্মদিনও উপভোগ করতে পারিনি। ওর সুস্থতা কামনায় প্রচণ্ড মানসিক চাপে ছিলাম। এবারের জন্মদিনটা তাই আমার জন্য খুব অন্য রকম।’ বলছিলেন এস আই টুটুল।জন্মদিনটাকে অর্থবহ করতে ছেলেকে নিয়ে কুষ্টিয়ায় মায়ের কাছে যাচ্ছেন এস আই টুটুল। জন্মদিনটা সেখানেই মায়ের সঙ্গে কাটাবেন। এস আই টুটুল বললেন, ‘ছেলের সঙ্গে প্রথম জন্মদিন পালন করব, ভাবতেই অন্য রকম লাগছে। এই আনন্দের দিনটা আমার জন্মদাত্রী মায়ের সঙ্গে কাটাতে চাই। ব্যস্ততার কারণে মাকে আর আগের মতো সময় দিতে পারি না। এই আনন্দের সময়টা তাই মায়ের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার জন্যই কুষ্টিয়া যাচ্ছি।’