ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে গত মঙ্গলবার হয়ে গেল বাপ্পা ও কনার সংগীতানুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে বাপ্পা মজুমদার ‘বৃষ্টি’, ‘এই নীল মণিহার’, ‘পরি’, ‘দিন বাড়ি যায়’, ‘বাজি’, ‘গাড়ি চলে না’ ইত্যাদি গান গেয়ে শোনান।
কনা গেয়ে শোনান ‘জ্যামিতিক ভালোবাসা’, ‘বর্ষা’, ‘চোখ দুটো আকাশের নীল’, ‘নীল পরি’, ‘অপেক্ষা’, ‘ধিন তানা না’।
আল মাহমুদের জন্মদিন আজ: বাংলাদেশের অন্যতম প্রধান কবি আল মাহমুদের ৭৮তম জন্মদিন আজ। ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইলের মোল্লাবাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ লোক লোকান্তর প্রকাশিত হয় ১৯৬৩ সালে। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে সোনালি কাবিন, কালের কলস। লিখেছেন গল্পগ্রন্থ পানকৌড়ির রক্ত, উপন্যাস উপমহাদেশসহ আরও
অনেক বই।
জন্মদিন উপলক্ষে কবির বাসায় আজ বেলা তিনটায় একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কবি আসাদ চৌধুরী।